অতিরিক্ত সময়ে এন্দ্রিকের জোড়া গোলে কোয়ার্টার ফাইনালে রিয়াল

স্পোর্টস ডেস্ক
১৭ জানুয়ারি ২০২৫, ০৭:০১আপডেট : ১৭ জানুয়ারি ২০২৫, ০৭:৩১

চার মাস পর গোলের দেখা পেলেন এন্দ্রিক। দুই গোলে পিছিয়ে থেকেও সেল্টা ভিগোর দারুণ প্রত্যাবর্তনের পর অতিরিক্ত সময়ে তার জোড়া লক্ষ্যভেদে জিতেছে রিয়াল মাদ্রিদ। বৃহস্পতিবার সান্তিয়াগো বার্নাব্যুতে ৫-২ গোলে জিতে কোপা দেল রের কোয়ার্টার ফাইনালে তারা।

দুই অর্ধে কিলিয়ান এমবাপ্পে ও ভিনিসিয়ুস জুনিয়রের গোলে ২-০ তে এগিয়ে যায় রিয়াল। কিন্তু জোনাথন বাম্বা ও মার্কোস আলোনসোর শেষ দিকের গোলে ম্যাচ যায় অতিরিক্ত সময়ে।

পেনাল্টি শুটআউটের সম্ভাবনাও উঁকি দিচ্ছিল। তবে এন্দ্রিক সুপার সাবের ভূমিকায়। ১৮ বছর বয়সী ব্রাজিলিয়ানের জাদুতে ঘুরে দাঁড়ায় রিয়াল।  তার জোড়া গোলের মাঝে জালে বল পাঠান ফেদেরিকো ভালভার্দে। 

ম্যাচ শেষে এন্দ্রিক বলেছেন, ‘এটাই রিয়াল মাদ্রিদ। আমরা শেষ পর্যন্ত লড়াই করি, না জেতা পর্যন্ত। কখনও হাল ছাড়ি না, সবসময় লড়াই করি। এটা কঠিন ম্যাচ ছিল। কিন্তু আসল ব্যাপার হলো আমরা গোল করেছি এবং জিতেছি। জানতাম অতিরিক্ত সময়ে আমাদের আরও দৌড়াতে হবে, আরও বেশি কিছু করতে হবে। আমরা তিনটি খুব ভালো গোল করলাম। আমার জন্য গোলগুলো ছিল খুব গুরুত্বপূর্ণ। এমন খেলা আমি ভালোবাসি, বিশেষ করে এই স্টেডিয়ামে আমাদের ভক্তদের সামনে।’

২০২৫ সালে সান্তিয়াগো বার্নাব্যুতে প্রথম ম্যাচ খেলতে নেমেছিল রিয়াল। স্প্যানিশ সুপার কাপে বার্সেলোনার কাছে ৫-২ গোলে হারের পর তাদের খেলোয়াড় ও কোচ কার্লো আনচেলত্তি ভক্তদের কাছে এদিন দুয়ো শুনেছেন। ভক্তদের হতাশা হঠাৎ আনন্দে রূপ নেয়। ৩৭তম মিনিটে কাউন্টার অ্যাটাক থেকে বুলেট গতির শটে রিয়ালকে এগিয়ে নেন এমবাপ্পে। কিছুক্ষণ আগে সেল্টা ফরোয়ার্ড উইলিয়ট সুইডবার্গকে রিয়াল কিপার আন্দ্রি লুনিন ফাউল করলেও পেনাল্টি না দিয়ে বিতর্ক তোলেন রেফারি।

বিরতির পর রিয়াল আরও দাপট দেখায়। তিন মিনিট পর ভিনিসিয়ুস ব্যবধান দ্বিগুণ করেন।

পরে এমবাপ্পে খুব কাছ থেকে দুটি গোলের সুযোগ নষ্ট করেন। গোললাইন থেকে বল ফেরত পাঠিয়ে ভিনিসিয়ুসকে তার দ্বিতীয় গোল করতে দেননি ডিফেন্ডার কার্ল স্টারফেল্ট। ব্রাহিম দিয়াজও দারুণ একটি সুযোগ কাজে লাগাতে পারেননি।

তবুও সহজ জয়ের পথে ছিল রিয়াল। কিন্তু এদুয়ার্দো কামাভিঙ্গার ভুলে বল পেয়ে বক্সের প্রান্ত থেকে ৮৩তম মিনিটে ব্যবধান কমান বাম্বা।

ছয় মিনিট পর সেল্টার কাউন্টার অ্যাটাক সামলাতে গিয়ে বাম্বাকে বক্সের মধ্যে ফাউল করেন রাউল আসেনসিও। পেনাল্টি থেকে চেলসির সাবেক ফুলব্যাক মার্কো আলোনসো বাঁ পাশের পোস্টের ভেতর দিয়ে জাল কাঁপান।

অতিরিক্ত সময়ে আবারও রিয়াল সমর্থকরা দুয়ো দিতে থাকেন। পরিষ্কার সুযোগ তৈরি করতে পারছিল না রিয়াল। শেষ পর্যন্ত এন্দ্রিক ও ভালভার্দে দলকে উদ্ধার করেন। ১০৮তম মিনিটে বক্সের প্রান্ত থেকে ব্রাজিলিয়ানের শট জালে জড়ায়। চার মিনিট পর ভালভার্দের শক্তিশালী শটে ব্যবধান বাড়ে। ১১৯তম মিনিটে ব্যাক হিল ফ্লিকে নিজের জোড়া গোল পূর্ণ করেন এন্দ্রিক।

কোয়ার্টার ফাইনালে অ্যাটলেটিকো মাদ্রিদ, বার্সেলোনা, গেতাফে, লেগানেস, ভ্যালেন্সিয়া, ওসাসুনা ও রিয়াল সোসিয়েদাদের সঙ্গে যোগ দিলো রিয়াল। আগামী সোমবার ড্র।

/এফএইচএম/
সম্পর্কিত
রিয়াল মাদ্রিদে ফিরলেন মরিনহো, তবে...
এই প্রথম স্পেনের বিশ্বকাপ দলে নেই রিয়াল মাদ্রিদের কেউ
শিরোপাহীন মৌসুম জয়ে শেষ রিয়ালের, বিদায় আরবেলোয়ার
সর্বশেষ খবর
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি