একসময় সামাজিক যোগাযোগ মাধ্যমে সক্রিয় ছিলেন জাতীয় দলে খেলা মোহাম্মদ আব্দুল্লাহ। তিন বছর আগে শেখ রাসেলে খেলার সময় চোটে পড়ে বেশ ভুগেছিলেন। এরপর ফেসবুক থেকে দূরেও সরে যান। শুধু খেলার দিকেই মনোযোগ ২৬ বছর বয়সী উইঙ্গারের। এবার তো ফর্টিসের হয়ে বসুন্ধরা কিংসের বিপক্ষে দুই ম্যাচে দুটি গোল করে নিজেকে নতুনভাবে আলোচনায় নিয়ে এসেছেন। দুটি ম্যাচে সেরা খেলোয়াড়ও হয়েছেন।
ফেডারেশন কাপে আব্দুল্লাহর গোলে ফর্টিসের জয়। আর আজ তো বদলি নামার তিন মিনিটে দারুণ এক গোল করে দলের হার এড়িয়েছেন। দুটি ম্যাচই হয়েছে কিংসের মাঠে। তাই তো এখন কিংসের বিপক্ষে আব্দুল্লাহ যেন ‘যম’ হয়ে উঠেছেন!
আজ ম্যাচে এমন উত্তেজনা ছিল যে, ফ্লেয়ারের কারণে খেলা বিঘ্নিত হয়েছে। এমনকি মাঠে বোতলও নিক্ষেপ করতে দেখা গেছে। এমন ম্যাচে দলকে পয়েন্ট এনে দিতে পেরে সিরাজগঞ্জের ছেলে আব্দুল্লাহ বেশ খুশি। তিনি বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘কিংস পাঁচ বারের চ্যাম্পিয়ন। তাদের মতো দলের বিপক্ষে গোল করার আনন্দ অন্যরকম। আর জয় কিংবা ড্র হলে তো ইতিবাচক দিক। আমার চেষ্টা থাকে মাঠে নেমে কিছু একটা করার। কিংসের বিপক্ষে তা ভালোভাবে করেছি।’
২০১৮ সালে জাতীয় দলে প্রথম খেলেন আব্দুল্লাহ। সবশেষ গত বছর অস্ট্রেলিয়ার বিপক্ষে ডাক পান। তবে খেলা হয়নি। সব মিলিয়ে ১৫টি ম্যাচ খেলার অভিজ্ঞতা। এবার তো নতুন করে জাতীয় দলে ঢুকতে চাইছেন তিনি, ‘আমি আবারও জাতীয় দলে খেলতে চাই। সুযোগ করে নিতে চাই। তাই নিজের সেরাটুকু দিয়ে সবার দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করছি। গোলের পাশাপাশি অ্যাসিস্টও আছে আমার। কিংসের মতো দলের বিপক্ষে গোল করতে পারাটা একটু ভিন্ন পারফরম্যান্স বলবো। সবার মনোযোগ ও থাকে। এভাবে ভালো খেলে সামনে এগিয়ে যেতে চাই।’
আবদুল্লাহর এই পারফরম্যান্সের পেছনে কঠিন অধ্যাবসায়ের সঙ্গে রয়েছে মনোযোগ। ফেসবুক থেকে দূরে থাকার কারণে সেটা সম্ভব হয়েছে মনে করেন তিনি, ‘আমি তিন বছর ধরে সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে দূরে রয়েছি। ফেসবুকে নেই আমি। ঝামেলা মনে হয়। অনেক সময় দিতে হয়। নানান জন নানান কথা বলে। তাই দূরে সরে আছি। এতে করে আমার সমস্যা মনে হয় না। বরং আগের চেয়ে ভালো আছি মনে হয়।’
সামনের ম্যাচগুলোতে ফর্টিসকে আরও পয়েন্ট এনে দেওয়ার লক্ষ্য আব্দুল্লাহর। যেন দল টেবিলে উপরের দিকে থাকতে পারে।








