প্যারিস সেন্ট জার্মেইর কাছে হেরে চ্যাম্পিয়নস লিগ থেকে বিদায়ের আশঙ্কায় ম্যানচেস্টার সিটি। পিএসজির বিপক্ষে দুই গোলে লিড নিয়েও ৪-২ এ হেরে গেছে তারা। সিটিজেনদের এমন পরিস্থিতিতে যেন বেশ উৎফুল্ল রিয়াল মাদ্রিদ কোচ কার্লো আনচেলত্তি। চ্যাম্পিয়নস লিগ থেকে ইংলিশ ক্লাবের বিদায় তাদের জন্য ভালো খবর হবে বললেন ইতালিয়ান কোচ।
বুধবার রেডবুল সলসবুর্গকে ৫-১ গোলে হারিয়ে প্লে অফ নিশ্চিত করেছে রিয়াল। দুই লেগের নকআউট প্লে অফ বাধা পার হতে হবে তাদের। অন্যদিকে ম্যানসিটির চ্যাম্পিয়নস লিগে টিকে থাকাই কঠিন হয়ে পড়েছে। শেষ ম্যাচের আগে তারা প্লে অফের স্থান থেকে এক ধাপ নিচে ম্যানচেস্টার ক্লাব।
চ্যাম্পিয়নস লিগ থেকে সিটির বিদায় রিয়ালের জন্য সুখবর হবে কি না প্রশ্নে আনচেলত্তি বলেছেন, ‘হ্যাঁ।’ কারণটাও জানিয়েছেন ইতালিয়ান কোচ, ‘কারণ ম্যানসিটি এখনও, আমার কাছে, আবারও চ্যাম্পিয়নস লিগ জেতার অন্যতম দাবিদার।’
গত তিন মৌসুমে ম্যানসিটি ও রিয়াল চ্যাম্পিয়নস লিগের নকআউটে মুখোমুখি হয়েছিল। ২০২২ ও ২০২৪ সালে ট্রফি জিতেছিল মাদ্রিদ ক্লাব।
প্লে অফে কঠিন প্রতিপক্ষের সঙ্গে খেলা পড়তে পারে কি না প্রশ্নে আনচেলত্তি বলেছেন, ‘কেউই জানে না। একটা ব্যাপার পরিষ্কার- আমাদের শেষ ম্যাচ জিততে হবে, এই ক্লাবে এটা নতুন নয়।’








