চ্যাম্পিয়ন্স লিগে নকআউটের প্লে-অফে গতকাল মুখোমুখি হয়েছিল রিয়াল মাদ্রিদ-ম্যানচেস্টার সিটি। গতবারের ব্যালন ডি অ’র বিতর্ক ঠাঁই করে নিয়েছিল এই ম্যাচেও!
ঘটনাটা ঘটেছে ম্যাচের আগে। সিটির মাঠ ইত্তিহাদ স্টেডিয়ামের গ্যালারিতে স্বাগতিক ভক্তরা একটা ব্যানার মেলে ধরেছিলেন। সেখানে ইংরেজিতে লেখা বাক্যের অর্থটা ছিল ইঙ্গিতবহ- ‘কান্নাকাটি বন্ধ করো।’
সিটির খেলোয়াড় রদ্রি গত ব্যালন ডি’অর জেতায় এটা নিয়ে তখনই ঝামেলার সৃষ্টি হয়েছিল। তখন ফেভারিট হিসেবে নাম উঠেছিল ভিনিসিয়ুস জুনিয়রের। কিন্তু পরে রিয়াল মাদ্রিদ তারকা পুরস্কার না জেতায় সেই অনুষ্ঠানই বয়কট করে স্প্যানিশ জায়ান্টরা। সেই ঘটনার রেশ ধরে ভিনিকে গতকাল ম্যাচের আগে খোঁচা মারার চেষ্টা করেন স্বাগতিক দর্শকরা। তাতে বরং হিতে বিপরীত হয়েছে! রিয়ালের জয়ের পর ভিনিসিয়ুস জানান, সিটির সেই ব্যানার আরও তাতিয়ে দিয়েছিল তাকে।
প্রথম লেগে রিয়াল মাদ্রিদ ঘুরে দাঁড়িয়ে ৩-২ গোলের জয় নিয়ে মাঠ ছেড়েছে। ৯২ মিনিটে জুড বেলিংহ্যামের জয়সূচক গোলটি বানিয়ে দিয়ে ম্যাচসেরার পুরস্কার জিতেছেন ভিনিসিয়ুস। ম্যাচের পর ব্রাজিলিয়ান এই ফরোয়ার্ড মুভিস্টারকে বলেছেন, ‘আমি ব্যানারটা দেখেছি। কথা হচ্ছে প্রতিপক্ষ দর্শকরা যখন কিছু করে, সেটা আমাকে দারুণ খেলতে আরও শক্তি জোগায়। ব্যাপারটা সেখানে করেও দেখিয়েছি... সিটি আগে আমাদের ইতিহাস সম্পর্কে জানুক, বিশেষ করে এই প্রতিযোগিতায় আমরা যা করেছি।’
একই কথা বলেছেন রিয়াল মাদ্রিদ কোচ কার্লো আনচেলত্তিও। তিনিও মনে করেন, এমন ব্যানার ভিনিসিয়ুসকে আরও প্রেরণা জুগিয়েছে, ‘আমি জানি না ভিনি সেটা দেখেছে কিনা। তবে ম্যাচ দেখে মনে হয়েছে, সে যদি দেখে থাকে, তাহলে সেটা তার জন্য বড় প্রেরণা হিসেবে কাজ করেছে।’
ম্যাচ নিয়ে আনচেলত্তি বলেছেন, প্রথম লেগে জেতায় কিছুটা এগিয়ে থাকলো রিয়াল মাদ্রিদ। তার সঙ্গে আরও যোগ করে বলেছেন, ‘এটাই হচ্ছে পথ। আমরা বিষয়টা নিয়ে অনেক দিন ধরে আলোচনা করেছি। বলতে পারি আসলে আমাদের মৌসুম শুরু হলো এখন। অনেক প্রতিবন্ধকতার পরও আমরা ভালো ফল নিয়ে মাঠ ছেড়েছি।’








