ইনজুরিতে আক্রমণভাগের শূন্যতায় ঘাম ছুটছে আর্সেনালের। লেস্টার সিটির মাঠেও ভুগতে হয়েছে তাদের। শেষ পর্যন্ত মিডফিল্ডার মিকেল মেরিনোর জোড়া গোলে জিতেছে তারা। শনিবার কিং পাওয়ার স্টেডিয়ামে এই স্প্যানিয়ার্ড সেন্টার ফরোয়ার্ডের ভূমিকায় পার্থক্য গড়ে দিলেন।
২-০ গোলে লেস্টারকে হারিয়ে ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপার আশা বাঁচিয়ে রাখলো আর্সেনাল। ২৫ ম্যাচে ৫৩ পয়েন্ট তাদের। এক ম্যাচ কম খেলে শীর্ষে থাকা লিভারপুলের চেয়ে চার পয়েন্ট পেছনে তারা।
২৫ ম্যাচে ১৭ পয়েন্ট নিয়ে লেস্টার রেলিগেশনেই আছে।
৬৯ মিনিটে রহিম স্টার্লিংয়ের বদলি নামা মেরিনো ১২ মিনিট পরই ছাপ রাখেন। ৮১তম মিনিটে ডানপাশ থেকে টিনএজার ইথান নানেরির ক্রসে লাফিয়ে হেড করে জাল কাঁপান।
ছয় মিনিট পর ব্যাকপোস্টে অরক্ষিত থাকার সুবিধা নিয়ে লিয়ান্দ্রো ট্রসার্ডের পাস থেকে জাল খুঁজে পান মেরিনো।
তার আগে নানেরি দ্বিতীয়ার্ধে পোস্টে আঘাত করেন। শেষ দিকে মেরিনো ম্যাচের অবস্থা পাল্টে দেন।
আর্সেনাল এনিয়ে টানা ১৫ লিগ ম্যাচে অপরাজিত থাকলো, যার মধ্যে জয় ১০টি। ২০১০-১১ মৌসুমের পর সেরা ফর্মে তারা, ওইবার আর্সেন ওয়েঙ্গারের অধীনে টানা ১৬ ম্যাচ অপরাজেয় ছিল।
মেরিনো ম্যাচশেষে বলেন, (আর্সেনাল কোচ আর্তেতা) আমাকে বলেছিলেন স্ট্রাইকার হিসেবে নামতে হবে, আমি যেন সর্বোচ্চ স্ট্রেংথ নিয়ে খেলি। ক্যারিয়ারে এই প্রথমবার আমি এই পজিশনে খেললাম। আজকে কঠিন খেলা ছিল, জানতাম রেলিগেশনে থাকা এই দলের বিপক্ষে তেমন কিছুই হবে। তবে আজকের মতো এই ধরনের খেলা স্কোয়াডের জন্য সত্যিই ভালো।'









