তিন ভেন্যুতে আজ রবিবার বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লিগের দ্বিতীয় স্তর চ্যাম্পিয়নশিপ লিগ (বিসিএল) শুরু হয়েছে। বসুন্ধরা কিংস অ্যারেনায় অনুশীলন মাঠে বাফুফের এলিট একাডেমি ১-০ গোলে পিডব্লিউডিকে হারিয়েছে। ম্যাচের ৫০ মিনিটে একমাত্র জয়সূচক গোল করেন আশিক।
সারা দেশ থেকে বাছাইকৃত ফুটবলার ছাড়াও বিকেএসপির বেশ কয়েকজন ফুটবলার বাফুফের এলিট একাডেমিতে রয়েছেন। বিকেএসপির ফুটবলাররা বিসিএলের জন্য নিবন্ধিত হননি। বিকেএসপির বাইরে থাকা অন্য ৩০ জনের বেশি ফুটবলার দিয়ে রেজিস্ট্রেশন কার্যক্রম সম্পন্ন করেছে বাফুফে।
বিকেএসপির ফুটবলারদের না থাকা নিয়ে বাফুফের ডেভলপমেন্ট কমিটির চেয়ারম্যান ও সহ-সভাপতি নাসের শাহরিয়ার জাহেদী বলেন, ‘আমাদের অ্যাকাডেমির আবাসন সমস্যা রয়েছে। বিসিএলের জন্য কমলাপুরে খানিকটা সংস্কার করে ক্যাম্প চলছে। কমলাপুর ও বাফুফে টার্ফ সংস্কার হওয়ায় বিভিন্ন মাঠে চলছে অনুশীলন। বিকেএসপির ফুটবলাররা তারা তাদের ক্যাম্পাসে অনুশীলন করছে। আন্তর্জাতিক টুর্নামেন্টের প্রস্তুতি শুরু হলে তারা আমাদের সঙ্গে যোগ দেবে।’
এই দলটির দায়িত্বে আছেন নারী দলের সাবেক কোচ গোলাম রব্বানী ছোটন। তার প্রথম ম্যাচ জয় দিয়ে শুরু হয়েছে।
বিসিএলে আজ ফর্টিজের অনুশীলন মাঠে লিটল ফ্রেন্ডস ও ফরাশগঞ্জের মধ্যকার ম্যাচটি গোলশূন্য ড্র হয়েছে। গাজীপুর জেলা স্টেডিয়ামে দেশের শতবর্ষী ক্লাব ওয়ারী ১-০ গোলে উত্তর বারিধারাকে পরাজিত করেছে। প্রথমার্ধের ইনজুরি সময়ে ম্যাচের একমাত্র জয়সূচক গোলটি করেন সোহাগ বর্মণ।








