নেদারল্যান্ডসের বিপক্ষে উয়েফা নেশন্স লিগের দুই লেগের কোয়ার্টার ফাইনালের জন্য স্কোয়াড ঘোষণা করেছেন স্পেনের কোচ লুইস দে লা ফুয়েন্তে। প্রথমবার দলে ডাকা হয়েছে রিয়াল মাদ্রিদ ডিফেন্ডার রাউল আসেনসিওকে।
রিয়াল মাদ্রিদের অ্যাকাডেমি থেকে উঠে আসা ২২ বছর বয়সী আসেনসিও এই মৌসুমে ১৪টি লা লিগা ও আটটি চ্যাম্পিয়ন্স লিগ ম্যাচ খেলেছেন।
দে লা ফুয়েন্তে বলেছেন, ‘রাউলের চমৎকার মৌসুম কেটেছে। সে ছিল নিচের বিভাগে। কিন্তু কিছু খেলোয়াড় দ্রুত উন্নতি করে। আমি সবসময় তরুণদের সুযোগ দেওয়ার পক্ষে।’
স্পেনের ইউরো জয়ী স্কোয়াড থেকে বাদ পড়া বার্সা ডিফেন্ডার ইনিগো মার্তিনেজকে অন্তর্ভুক্ত করা হয়েছে। তবে ২০২৩ সালের নেশন্স লিগ জয়ে অবদান রাখা বার্সা মিডফিল্ডার গাভির জায়গা হয়নি দলে।
এসিএল ইনজুরির কারণে ১৪ মাস অনুপস্থিতির পর জাতীয় দলে গাভির ফেরার প্রত্যাশা করা হচ্ছিল। কিন্তু দে লা ফুয়েন্তে অনেক প্রতিভাবান খেলোয়াড়কে নিতে না পারায় অনুতপ্ত। তবে এটাই তার সম্ভাব্য সেরা স্কোয়াড মনে করছেন তিনি।
মৌসুমের মাঝের ট্রান্সফার উইন্ডোতে প্যারিস সেন্ট জার্মেই থেকে অ্যাস্টন ভিলায় যোগ দেওয়ার পর ফর্ম ফিরে পেয়েছেন মার্কো আসেনসিও। আট ম্যাচে সাত গোল করেছেন তিনি, কিন্তু দলে তার ঠাঁই হয়নি।
স্পেনে আগামী বৃহস্পতিবার নেদারল্যান্ডসের মাঠে নামবে। তারপর দেশে ফিরে ২৩ মার্চ দ্বিতীয় লেগে ডাচদের মুখোমুখি হবে।
গোলরক্ষক: ডেভিড রায়া, উনাই সিমন, অ্যালেক্স রেমিরো।
ডিফেন্ডার: পেদ্রো পোরো, অস্কার মিনগুয়েজা, রবিন লে নরম্যান্ড, পাউ কুবারসি, ইনিগো মার্তিনেজ, রাউল আসেনসিও, আলেজান্দ্রো গ্রিমাল্ডো, মার্ক কুকুরেলা।
মিডফিল্ডার: মার্টিন জুবিমেন্ডি, মার্ক কাসাদো, ফ্যাবিয়ান রুইজ, মিকেল মেরিনো, অ্যালেক্স বায়েনা, পেদ্রি।
ফরোয়ার্ড: লামিন ইয়ামাল, নিকো উইলিয়ামস, ফেরান তোরেস, ইয়েরেমি পিনো, দানি ওলমো, আয়োজ পেরেজ, আলভারো মোরাতা, ব্রায়ান জারাগোজা, সামুয়েল আগেহোয়া, মিকেল ওয়ারজাবালা।








