নতুন মৌসুমের প্রস্তুতি শুরু করে দিয়েছে আর্সেনাল। এশিয়া সফরে তারা প্রথম ম্যাচেই জিতেছে। সিঙ্গাপুরে ইতালিয়ান জায়ান্ট এসি মিলানকে তারা ১-০ গোলে হারিয়েছে।
৫৩ মিনিটে আর্সেনালের একমাত্র গোল করেন বুকায়ো সাকা। বদলি খেলতে নামা জাকুব কিউইওর দূরের পোস্টে ক্রস দেন। বল নিয়ন্ত্রণে নিয়ে সাকা জালে বল ঠেলে দেন।
শুরুর একাদশে একমাত্র নতুন চুক্তিবদ্ধ খেলোয়াড় ছিলেন ক্রিস্টিয়ান নরগার্ড। তবে প্রথমার্ধে নজর কেড়েছেন চার বছরের নতুন চুক্তি করতে যাওয়া ইথান নানেরি। ১৮ বছর বয়সী ফুটবলার চমৎকার পায়ের কারুকাজ দেখিয়ে মিলানের স্ত্রাহিনিয়া পাভলোভিচকে পেছনে ফেলেন। কিছুক্ষণ পর নরগার্ডের পাস পেয়ে ২০ গজ দূর থেকে দারুণ শট নিলে মিলান কিপার পিয়েত্রো তেরাচ্চিয়ানো তা কর্নার বানান।
আর্সেনালের রিকার্ডো কালাফিওরি গোলমুখ খোলার বেশ ভালো সুযোগ পেয়েছিলেন। কিন্তু হাফটাইমের আগে তার হেড গোললাইনে দাঁড়িয়ে ফিরিয়ে দেন পাভলোভিচ।
দ্বিতীয়ার্ধে মিকেল আর্তেতা তার আরও দুই নতুন খেলোয়াড় মার্টিন জুবিমেন্দি ও কেপা আরজাবালাগাকে নামিয়ে পরখ করেন।
সাকার গোলে লিড নেওয়ার পর গানাররা ১৫ বছর বয়সী দুই ফুটবলার ম্যাক্স ডওমান ও মার্লি সালমনকে সিনিয়র দলে অভিষিক্ত করেন। শেষ ২৫ মিনিট তারা খেলেছেন জশ নিকলস ও মিকেল মেরিনোর পাশে।
৭৬ মিনিটে মেরিনো দ্বিতীয় গোল করেই ফেলেছিলেন। কিন্তু তার হেড রুখে দেন তেরাচ্চিয়ানো।
আগামী রবিবার সিঙ্গাপুরে আর্সেনাল খেলবে নিউক্যাসেল ইউনাইটেডের বিপক্ষে। আগের দিন হংকংয়ে মুখোমুখি হবে লিভারপুল ও মিলান।









