পাইওনিয়ার লিগ কমিটির চেয়ারম্যান টিপু সুলতান। আট মাস আগে দায়িত্ব পেলেও এখনও পূর্ণাঙ্গ কমিটি হয়নি। এমনকি লিগ শুরু নিয়ে কোনও নির্দিষ্ট সময় জানানো হয়নি। তাই খেলার দাবিতে পাইওনিয়ার লিগের কয়েকটি ক্লাব-খুদে ফুটবলাররা আজ (বুধবার) বিকেলে বাফুফে ভবনের সামনে বিভিন্ন স্লোগান সংবলিত প্লাকার্ড নিয়ে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ করেছে।
সবশেষ পাইওনিয়ার লিগ ২০২২ সালে হয়েছিল। লিগে খেলা নিয়ে মহানগর ক্রীড়া চক্রের সাধারণ সম্পাদক আলমীর হোসেন বলেছেন, ‘২০২২ সালে আমরা এন্ট্রি ফি দিয়েছি। এখনও খেলা হচ্ছে না। এই লিগ অনিয়মিত হলে সামনে আর ফুটবলার পাওয়া যাবে না।’
প্রভাতী ফুটবল একাডেমির সাধারণ সম্পাদক শরিফুল আলম বলেন, ‘খেলোয়াড়রা আমাদের প্রতিনিয়ত জিজ্ঞেস করে। আমরা কিছু বলতে পারি না, তাদের স্বপ্ন ধূলিস্মাৎ হচ্ছে।’
ক্লাবগুলোর আন্দোলন ও দাবি সম্পর্কে টিপু সুলতান বলেছেন, ‘আমাদের কমিটি এখনও পূর্ণাঙ্গ হয়নি। তবে কাজ চলমান রয়েছে। আমরা সম্ভাব্য ভেন্যুগুলো নির্ধারণ করেছি, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনকে চিঠি দিয়েছি পৃষ্ঠপোষকতার জন্য। অক্টোবর লিগ পরিচালনার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে।’









