প্যালেসের ইতিহাসে ২০২৫ সাল অক্ষয় হয়ে থাকবে। তিন মাসের মধ্যে দ্বিতীয় ট্রফি জিতলো ইংলিশ প্রিমিয়ার লিগ ক্লাব। গত ১৭ মে এফএ কাপ ফাইনালে টানা চারবারের ইংলিশ চ্যাম্পিয়ন ম্যানসিটিকে হারিয়ে প্রথম শিরোপা জিতেছিল তারা। সেই লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে প্রিমিয়ার লিগের বর্তমান চ্যাম্পিয়ন লিভারপুলকে হারিয়ে কমিউনিটি শিল্ড জিতলো প্যালেস।
দুইবার পিছিয়ে পড়ে গোল শোধ দেয় প্যালেস। নির্ধারিত ৯০ মিনিটের খেলা ২-২ এ সমতায় শেষ হলে টাইব্রেকারে গড়ায় ম্যাচ। গোলপোস্টের নিচে ডিন হেন্ডারসনের বীরত্বে পেনাল্টি শুটআউটে তারা ৩-২ গোলে জয় পায়। তাতে নতুন মৌসুমের পর্দা ওঠার মঞ্চে শিরোপা উৎসব করে ১২তম স্থানে থেকে গত প্রিমিয়ার লিগের আসর শেষ করা দলটি।
নতুন মৌসুমে খেলোয়াড় কেনায় প্রায় ৩০ কোটি পাউন্ড খরচ করলেও লিভারপুল নিজেদের অজেয় প্রমাণ করতে পারলো না। দুই নবীন খেলোয়াড় উগো একিতিকে ও জেরেমি ফ্রিমপংয়ের গোল এবং রেকর্ড গড়ে চুক্তি করা ফ্লোরিয়ান উইর্টজ নৈপুণ্য দেখালেও হার মানতে হলো আর্নে স্লটের দলকে।
লিভারপুলে অভিষেক হওয়ার চার মিনিট পর প্রথম গোল করেন একিতিকে। প্রতিপক্ষের ডিফেন্ডার দাইচি কামাদা ও ক্রিস রিচার্ডস চাপে ফেললেও ২৩ বছর বয়সী ফরাসি ফরোয়ার্ড ডানপায়ের শটে জাল কাঁপান।
১৫ মিনিটে ভার্জিল ফন ডাইক প্যালেসের ইসমাইলা সারকে ট্যাকেল করেন। পেনাল্টি পায় প্যালেস। আলিসনকে ভুল দিকে পাঠিয়ে ১৭ মিনিটে পেনাল্টি থেকে সমতা ফেরান জ্য-ফিলিপ্পে মাতেতা।
চার মিনিট পর আরেক নবীনের গোলে লিড নেয় লিভারপুল। অভিষেক ম্যাচে ২১ মিনিটে স্কোর ২-১ করেন ফ্রিমপং। সময়টা ছিল ২০ মিনিট ২০ সেকেন্ড, গত মাসে সড়ক দুর্ঘটনায় অলরেডদের প্রয়াত ডিয়েগো জোতার জার্সি নম্বরও ২০! গোলটি হতেই পর্তুগিজ ফরোয়ার্ডের নামে স্লোগান ওঠে গ্যালারিতে।
জয়ের সুবাস পাচ্ছিল লিভারপুল। কিন্তু নির্ধারিত সময় শেষ হওয়ার ১৩ মিনিট আগে প্যালেস সমতা ফেরায়। হোয়ার্টনের পাস ধরে ফন ডাইকের চ্যালেঞ্জ ছাপিয়ে সাইডফুটে লক্ষ্যে শট নেন সার। কাছের পোস্টের ভেতরের দিকে আঘাত করে বল জালে আশ্রয় নেয়।
বাকি সময়ে আর গোল না হলে টাইব্রেকারে গড়ায় ম্যাচ। লিভারপুলের তারকা মোহাম্মদ সালাহ প্রথম শটেই বল বারের ওপর দিয়ে মারেন। মাতেতা প্যালেসকে এগিয়ে রাখেন। ম্যাক অ্যালিস্টারকে ঠেকিয়ে লিভারপুলের হতাশা বাড়ান হেন্ডারসন। প্যালেসের এজেকে রুখে দিয়ে প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়নদের আশা বাঁচিয়ে রাখেন আলিসন। কডি গাকপো তাদের সমতায় ফেরান। সারের গোলে আবার পেছনে পড়ে লিভারপুল। এরপর এলিয়টকে ঠেকান হেন্ডারসন। সোসাও মিস করার পর সোবোসলাইয়ের লক্ষ্যভেদী শটে লিভারপুল ২-২ করে। তবে শেষ শটে ডেভেনির বুলেট গতির শট জাল কাঁপালে প্যালেস বিজয়ের উল্লাসে মাতে।









