সাফ ফুটসাল চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ বড় জয় পেয়েছে। ছেলেদের বিভাগে রাহবার খানের দল ৫-১ গোলে শ্রীলঙ্কাকে উড়িয়ে দিয়েছে।
থাইল্যান্ডের ব্যাংককে বাংলাদেশ পুরো ম্যাচে দাপট দেখায়। ৪ মিনিটে একক প্রচেষ্টায় কোনাকুনি শটে বল জালে পাঠান বাংলাদেশ অধিনায়ক রাহবার খান। যদিও পরের মিনিটে ফ্রি-কিক থেকে শ্রীলঙ্কাকে সমতায় ফেরান আমান মোহামেদ ফায়জার। এরপর ছিল শুধু বাংলাদেশের আধিপত্য। একের পর এক গোল হতে থাকে। ১৯ মিনিটে কাজী ইব্রাহিম আহমেদের পাস থেকে আবারও বাংলাদেশকে এগিয়ে দেন রাহবার।
২২ মিনিটে রাহবারের নিখুঁত পাসে ব্যবধান ৩-১ করেন মঈন আহমেদ। ৩৪ মিনিটে তাজওয়ারে বিন কাশেম প্রথম শটে লঙ্কান গোলকিপারকে পরাস্ত করতে না পারলেও ফিরতি শটে ঠিকই জাল খুঁজে নেন। ৩৯ মিনিটে পোস্ট ছেড়ে আক্রমণে উঠে আসেন লঙ্কান গোলকিপার আর্নিকান শিভানাথান। আবির হোসেনও সুযোগ কাজে লাগাতে ভুল করেননি। নিজেদের অর্ধ থেকে নেওয়া দূরপাল্লার শটে লক্ষ্যভেদ করেন তিনি।
৭ পয়েন্ট নিয়ে এখন টেবিলের দুইয়ে উঠে এসেছে বাংলাদেশ।









