বিশ্বকাপ ফুটবলের প্রস্তুতি জোরেশোরেই চালিয়ে যাচ্ছে ইরান। যুক্তরাষ্ট্রে খেলতে না চাইলেও টুর্নামেন্ট থেকে সরে দাঁড়ানোর কোনও ইচ্ছা নেই বলে বুধবার জানিয়েছেন দেশটির ফুটবল প্রধান মেহদি তাজ।
বিশ্বকাপের মূল পর্বে সবার আগে জায়গা নিশ্চিত করা দলগুলোর একটি ইরান। তবে ফেব্রুয়ারির শেষ দিকে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনা শুরুর পর থেকেই তাদের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।
১১ জুন থেকে ১৯ জুলাই পর্যন্ত যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় অনুষ্ঠিত হবে এই আসর। গ্রুপ পর্বের তিনটি ম্যাচই যুক্তরাষ্ট্রে খেলার কথা থাকলেও সেগুলো মেক্সিকোতে সরিয়ে নেওয়ার বিষয়ে ফিফার সঙ্গে আলোচনা করছে ইরান ফুটবল ফেডারেশন।
মধ্যপ্রাচ্যের সংঘাতের কারণে জর্ডান থেকে সরিয়ে নেওয়া চার জাতির আমন্ত্রণমূলক টুর্নামেন্টের অংশ হিসেবে ২৭ মার্চ নাইজেরিয়া এবং চার দিন পর কোস্টারিকার বিপক্ষে খেলবে ইরান।
ফার্স নিউজ এজেন্সির বরাতে মেহদি তাজ বলেছেন, ‘জাতীয় দল তুরস্কে অনুশীলন ক্যাম্প করছে, সেখানে দুটি প্রীতি ম্যাচও খেলবে। আমরা আমেরিকাকে বয়কট করবো, কিন্তু বিশ্বকাপকে নয়।’
এদিকে, মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লাউদিয়া শেইনবাউম জানিয়েছেন, জুনে নিউজিল্যান্ড, বেলজিয়াম ও মিশরের বিপক্ষে ইরানের ম্যাচগুলো আয়োজনে তাদের দেশ প্রস্তুত। তবে ভেন্যু পরিবর্তনের চূড়ান্ত সিদ্ধান্ত নেবে ফিফা।
ফুটবলের বিশ্ব নিয়ন্ত্রক সংস্থা ফিফা জানিয়েছে, তারা ইরানের সঙ্গে যোগাযোগ রাখছে, তবে ২০২৫ সালের ৬ ডিসেম্বর ঘোষিত সূচি অনুযায়ীই সব দল খেলবে—এমন প্রত্যাশা তাদের।








