ডান পায়ের হ্যামস্ট্রিং ইনজুরি থেকে সেরে না ওঠায় মেক্সিকো ও যুক্তরাষ্ট্রের বিপক্ষে প্রীতি ম্যাচে পর্তুগাল দলে জায়গা হয়নি ক্রিস্টিয়ানো রোনালদোর। বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে আগামী মার্চে ম্যাচ দুটি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
গত ২৮ ফেব্রুয়ারি সৌদি প্রো লিগের দল আল নাসরের হয়ে খেলার সময় পেশির চোটে পড়েন ৪১ বছর বয়সী রোনালদো। এরপর থেকেই তার ফিটনেস নিয়ে শঙ্কা দেখা দিয়েছিল। গত দুই সপ্তাহ ধরে মাদ্রিদে চিকিৎসা নিলেও পুরোপুরি সুস্থ হয়ে উঠতে পারেননি পর্তুগিজ অধিনায়ক।
ফলে আগামী ২৮ মার্চ মেক্সিকোর পুনর্নির্মিত অ্যাজটেকা স্টেডিয়ামে মাঠে নামা হচ্ছে না তার। এমনকি ৩১ মার্চ জর্জিয়ার আটলান্টায় যুক্তরাষ্ট্রের বিপক্ষেও তাকে পাবে না পর্তুগাল।
আগামী ১৭ জুন হিউস্টনে প্লে-অফ থেকে উঠে আসা দলের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে পর্তুগাল। তবে রোনালদোর চোট নিয়ে সমর্থকদের আশ্বস্ত করেছেন কোচ রবার্তো মার্তিনেজ। রেকর্ড ষষ্ঠবারের মতো বিশ্বকাপ খেলতে যাওয়া এই তারকার টুর্নামেন্ট মিস করার কোনও ঝুঁকি নেই বলে জানিয়েছেন তিনি।
শুক্রবার ২৭ সদস্যের দল ঘোষণার সময় মার্তিনেজ বলেছেন, ‘না, তার (রোনালদো) বিশ্বকাপ খেলা নিয়ে কোনও সংশয় নেই। ওর সামান্য পেশির চোট, আশা করছি, এক বা দুই সপ্তাহের মধ্যে সে ফিরতে পারবে। চলতি মৌসুমে রোনালদোর শারীরিক অবস্থা এটাই প্রমাণ করে যে, সে দারুণ ছন্দে আছে।’









