মালদ্বীপে চলমান সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে ভারতের সঙ্গে ১-১ গোলে ড্র করেছে বাংলাদেশ। মাঠের লড়াই ছাপিয়ে এই ম্যাচে মূল আলোচনায় ছিল দুই দলের উত্তেজনা এবং রেফারিং নিয়ে বিতর্ক। ম্যাচ শেষে লাল কার্ডের খড়গের কারণে হেড কোচ মার্ক কক্স উপস্থিত থাকতে না পারলেও সহকারী কোচ আতিকুর রহমান মিশু রেফারিং নিয়ে কড়া সমালোচনা করেছেন।
বাংলাদেশ ও ভারতের মধ্যকার এই লড়াই ছিল শুরু থেকেই বেশ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। মাঠের উত্তেজনা ছড়িয়ে পড়ে দুই দলের ডাগআউটেও। পরিস্থিতি সামাল দিতে রেফারিকে দুই দলের কোচিং স্টাফদের হলুদ কার্ডের পাশাপাশি একটি করে লাল কার্ডও দেখাতে হয়েছে। লাল কার্ড পাওয়ায় ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে আসতে পারেননি বাংলাদেশের ব্রিটিশ প্রধান কোচ মার্ক কক্স।
প্রধান কোচের পরিবর্তে সংবাদ সম্মেলনে এসে সহকারী কোচ আতিকুর রহমান মিশু রেফারিং নিয়ে সরাসরি ক্ষোভ প্রকাশ করেন। তিনি বলেন, “সাফ কর্তৃপক্ষের রেফারিংয়ের বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা উচিত। সবাই মনে করে বাংলাদেশ-ভারত ম্যাচে রেফারিরা ভারতের পক্ষে। আমি এই বিষয়ে কিছু বলতে চাই না।”
পাকিস্তানের বিপক্ষে জোড়া গোল করা আমেরিকান প্রবাসী ফুটবলার রোনান সুলিভান এই ম্যাচেও নিজের জাত চিনিয়েছেন। প্রথমার্ধে পিছিয়ে পড়া বাংলাদেশকে সমতায় ফেরায় সুলিভানের নিখুঁত কর্নার কিক। তার পারফরম্যান্স নিয়ে মিশু বলেন, “ফুটবল একটি টিম গেম। তবে রোনানের সংযোজন আমাদের জন্য ভালো দিক। আগের ম্যাচে দুই গোল এবং আজ গোল অ্যাসিস্ট—সে আমাদের জন্য দারুণ কার্যকর।”
ম্যাচের শুরুটা বাংলাদেশের জন্য কিছুটা নড়বড়ে ছিল। এ প্রসঙ্গে সহকারী কোচ জানান, ভারত ম্যাচে সবসময় একটি বাড়তি উত্তেজনা থাকে, যার কারণে প্রথম ২০-২৫ মিনিট ছেলেরা কিছুটা উত্তেজিত ছিল। তবে দ্বিতীয়ার্ধে তারা ভালো খেলেছে এবং বাংলাদেশের নিয়ন্ত্রণে ছিল।”
গ্রুপ পর্বে রানার্সআপ হওয়ায় সেমিফাইনালে বাংলাদেশকে লড়তে হবে স্বাগতিক নেপালের বিপক্ষে। অন্যদিকে ভারত মুখোমুখি হবে ভুটানের। সেমিফাইনাল নিয়ে মিশু বলেন, “আমরা স্টেপ বাই স্টেপ এগোতে চাই। আমাদের খেলার পাশাপাশি নেপালের গত তিন ম্যাচের খেলা বিশ্লেষণ করবো।”









