টানা দুই ম্যাচে পরাজয়ের পরও এএফসি অনূর্ধ্ব-২০ নারী এশিয়ান কাপের নকআউট পর্বে ওঠার আশা ছাড়ছে না বাংলাদেশ। গ্রুপ পর্বের শেষ ম্যাচে আজ মঙ্গলবার ভিয়েতনামের বিপক্ষে জিততেই হবে—এমন সমীকরণ সামনে রেখে মাঠে নামছে তারা। থাইল্যান্ডের ননথাবুরি স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টায়। দেখাবে টি স্পোর্টস।
১২ দলের এই টুর্নামেন্টে ‘এ’ গ্রুপে থাকা বাংলাদেশের শুরুটা হয়েছিল দারুণভাবে। স্বাগতিক থাইল্যান্ডের বিপক্ষে ২-০ গোলে এগিয়েও গিয়েছিল দলটি। কিন্তু ম্যাচের শেষদিকে ৩-২ গোলে হারতে হয় তাদের। পরের ম্যাচে শক্তিশালী চীনের কাছে ২-০ গোলে পরাজয় আরও কঠিন করে তোলে তাদের সম্ভাবনা।
তারপরও সুযোগ পুরোপুরি শেষ হয়ে যায়নি। আজকের ম্যাচে জয় পেলে সেরা তৃতীয় স্থানঅর্জনকারী দলগুলোর একটি হয়ে কোয়ার্টার ফাইনালে উঠতে পারে বাংলাদেশ। তিনটি গ্রুপে দুই রাউন্ড শেষে তুলনামূলক কম গোল ব্যবধানে পিছিয়ে থাকায় বর্তমানে সেরা তৃতীয় দলের অবস্থানেই রয়েছে লাল-সবুজরা।







