ঘরোয়া ফুটবলে এবার মন ভরাতে পারছে না মোহামেডান স্পোর্টিং। লিগ টেবিলে অবস্থা যাচ্ছে তাই। সবশেষ চিরপ্রতিদ্বন্দ্বী আবাহনী লিমিটেডের কাছেও হেরেছে। এরপরই গুঞ্জন উঠে কোচ আলফাজ আহমেদ বরখাস্ত হচ্ছেন! অবশেষে আজ রবিবার ক্লাব ম্যানেজমেন্ট আনুষ্ঠানিক সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে আলফাজকে অব্যাহতি দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছে।
ক্লাবটির পরিচালক (স্পোর্টস) মোস্তাকুর রহমানের স্বাক্ষরিত চিঠিতে লেখা হয়েছে সাম্প্রতিক পারফরম্যান্সে সবাই অসন্তুষ্ট। তাই কোচ আলফাজকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
আপাতত সহকারী কোচ আবদুল কাইয়ুম সেন্টুকে ভারপ্রাপ্ত হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। এছাড়া টিম লিডার আমিরুল ইসলাম বাবু এখন সার্বিক দায়িত্বে থাকবেন।
গতবার আলফাজের অধীনেই প্রথমবার পেশাদার লিগ চ্যাম্পিয়ন হয় মোহামেডান। এবার নানান কারণে দলটির বেহাল অবস্থা। তাই ভাগ্য বদলাতে নতুন পথে হাঁটছে ঐতিহ্যবাহী সাদা কালো শিবির।







