ওয়েম্বলিতে প্রায় প্রাণহীন এক ফাইনাল জিতেছে ম্যানচেস্টার সিটি। চেলসিকে ১-০ গোলে হারিয়ে এফএ কাপের শিরোপা নিশ্চিত করেছে সিটিজেনরা। দ্বিতীয়ার্ধের শেষ দিকে আলো ছড়ান সেমেনিও। ম্যাচের ভাগ্য গড়ে দেন মূলত তিনি।
অথচ ম্যাচজুড়ে জমে ওঠার মতো খুব কম মুহূর্তই ছিল। খেলা শেষের ১৮ মিনিট আগে ব্যবধান গড়ে দেন সেমেনিও। এই জয়ে ঘরোয়া ট্রেবল জয়ের স্বপ্ন এখনও বেঁচে রয়েছে সিটির।
অবশ্য গোছানো রক্ষণে পুরো ম্যাচে চেলসি কঠিন প্রতিরোধ গড়ে তুলেছিল। ভারপ্রাপ্ত কোচ ক্যালাম ম্যাকফারলেনের জন্য স্মরণীয় কিছু এনে দেওয়ার সুযোগ পেয়েছিল চেলসিও। সবচেয়ে বড় সুযোগটি নষ্ট করেন এনজো ফার্নান্দেজ। ছয় গজ বক্সের ভেতর থেকে তার ফ্লিক অল্পের জন্য ক্রসবারের ওপর দিয়ে চলে গেছে।
এখন ম্যানসিটির মনোযোগ প্রিমিয়ার লিগের শিরোপা লড়াইয়ে। মঙ্গলবার বোর্নমাউথের মাঠে খেলতে নামবে তারা। আর যদি এটিই পেপ গার্দিওলার অধীনে সিটির শেষ মৌসুম হয়ে থাকে, তবে মার্চে জেতা লিগ কাপের সঙ্গে অন্তত আরও একটি শিরোপা যোগ করেই বিদায় নেবেন তিনি।









