যুক্তরাষ্ট্রের নিউজার্সিতে ক্যাম্প করেছে পাঁচবারের চ্যাম্পিয়ন ব্রাজিল। দলের সঙ্গে সবাই অনুশীলন করলেও আলাদা ছিলেন বড় তারকা নেইমার। চোটের কারণে আনচেলত্তির অধীনে ঘাম ঝড়াতে পারেননি। আলাদা করে ফিটনেস পাওয়ার লড়াইয়ে থাকতে হয়েছে। শুক্রবার (১২ জুন) মরিসটাউনে মেজর লিগ সকারের দল রেড বুলসের মাঠে ব্রাজিলের প্রথম ম্যাচের আগে শেষ অনুশীলন ছিল। সেখানে প্রায় শ’দুয়েক সাংবাদিকের চোখ খুঁজে বেরিয়েছে নেইমারের খোঁজে!
যেকোনও দলের অনুশীলনের শুরুর প্রথম ১৫ মিনিট মিডিয়ার জন্য উন্মুক্ত থাকে। তাই শুরু থেকে যখন আনচেলত্তির দলের একে একে সবাই মাঠে নামছিল সবার চোখ ঘুরে ফিরে খুঁজছিল নেইমারের দিকে। সবার আশা ছিল অন্তত মরক্কোর বিপক্ষে উত্তর আমেরিকা বিশ্বকাপের প্রথম ম্যাচের আগে অনুশীলনে নেইমারকে অন্তত কিছুক্ষণের জন্য দেখা যেতে পারে।
রেডস বুলের মাঠের এক কোণ দিয়ে ভিনিসিয়ুস জুনিয়র, রদ্রিগো গোয়েস, এন্দ্রিক, রাফিনিয়া, ক্যাসেমিরো, মার্কিনহোস এবং দানিলোর মতো ফুটবলাররা মাঠের মাঝে এসে দাঁড়ালেও নেই নেইমার! আনচেলত্তি সহকারীদের নিয়ে অনুশীলনের নেতৃত্ব দেওয়া শুরু করেছেন। তারপরও নেইমারের কোনও খোঁজ নেই!
অনুশীলনে ভিনিসিয়ুস ও সতীর্থ একজনকে গোল করে দু’পাশে সবাই বল নিয়ে আদান-প্রদান করেছেন। ওয়ান টাচে ফুটবল খেলার চেষ্টা। তারপর হালকা ওয়ার্মআপ। মাঠের কোণ থেকে তাদের পর্তুগিজ কথাবার্তা কিছুটা ভেসে আসছিল। এক ফাঁকে সবাই মিলে কোরাসে শ্লোগানও দিলেন।
হালকা অনুশীলন দেখতে দেখতে কখন জানি ১৫ মিনিট শেষ। মাঠের সাইডলাইনে এসে ব্রাজিলের টিম প্রতিনিধি সবাইকে জানিয়ে দিচ্ছেন সময় শেষ। তারপরও দেখা মেলেনি নেইমারের!
অনেকে মনে করেছিলেন নেইমার দলের সঙ্গে পূর্নাঙ্গ অনুশীলন না করলেও অন্তত থাকবেন। যোগ দেবেন। কিন্তু সবার আশা গুড়ে বালি। প্রচন্ড গরমের মধ্যে অপেক্ষা করেও ৩৪ বছর বয়সী উইঙ্গারের খোঁজ মেলেনি। এমন অবস্থা দেখে সেই ব্রাজিলের টিম প্রতিনিধিকে তো দুই হাত প্রসারিত করে এক স্বদেশী সাংবাদিক জিজ্ঞেস করে বসলেন হোয়ার ইজ নেইমার?
সেই টিম প্রতিনিধি তো প্রশ্নের উত্তর দেওয়ার সঠিক মানুষ নন। তিনি তা সন্তর্পনে এড়িয়ে গেলেন। সুদুত্তর না পেয়ে তখন সেই সাংবাদিকের চোখেমুখে হতাশার চিহ্ন দেখার মতো অবস্থা।
সে যাইহোক নেইমার-বিহীন যুক্তরাষ্ট্রে ব্রাজিলের হেক্সা মিশনের প্রথম ম্যাচের আগে শেষ অনুশীলন। দলের বড় তারকাকে না দেখতে পেয়ে সবাই যারপরনাই হতাশ। আগে থেকে অনেকটা অনুমিত ছিল নেইমার মরক্কোর বিপক্ষে মাঠে নামতে পারবেন না। তা সত্যি হলো অনুশীলনের ঘণ্টা চারেক পর মেটলাইফ স্টেডিয়ামে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে। দলের ইতালিয়ান কোচ আনচেলত্তি পরিস্কার জানিয়ে দিয়েছেন নেইমার থাকছেন না। পরের সপ্তাহে দলের সঙ্গে অনুশীলনে যোগ দেবেন।
তার আগে নিজের সঙ্গে লড়াই করে যাচ্ছেন ব্রাজিলের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা। ফিটনেস ফিরে পেলেই সবার সঙ্গে ঘাম ঝড়াবেন। মরক্কোর মতো গতবারের সেমিফাইনালিস্টের বিপক্ষে নেইমারকে না পাওয়াটা ব্রাজিলের বড় ক্ষতি।
নেইমার থাকা মানে দলের বড় শক্তি। বড় অনুপ্রেরণা। সেটা শুধু ভিনিসিয়ুস-ক্যাসেমিরোদের জন্য নয়, হলুদ জার্সিধারী সমর্থকদের জন্যও। তাই মরক্কোর পর হাইতি ম্যাচের অপেক্ষায় সবাই। নেইমার খেলবেন। তার আগে দেখা যাবে অনুশীলনে!








