বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচের আগে ভ্রমণ জটিলতায় পড়েছে উরুগুয়ে। প্রয়োজনীয় নথিপত্রের ঘাটতির কারণে মেক্সিকো থেকে যুক্তরাষ্ট্রগামী দলের চার্টার্ড ফ্লাইট নির্ধারিত সময়ের অনেক পরে ছেড়ে গেছে। তাতে সফরে হয়েছে বিলম্ব। তবে এই বিলম্বকে বড় সমস্যা হিসেবে দেখছেন না কোচ মার্সেলো বিয়েলসা ও অধিনায়ক হোসে মারিয়া হিমেনেজ।
মেক্সিকোর প্লায়া দেল কারমেনে থাকা বেস ক্যাম্প থেকে ফ্লোরিডার মায়ামির উদ্দেশে রওনা হওয়ার কথা ছিল উরুগুয়ের। এক বিবৃতিতে উরুগুয়ে ফুটবল ফেডারেশন (এইউএফ) জানায়, ‘এইউএফের নিয়ন্ত্রণের বাইরে থাকা কিছু সমস্যার কারণে মেক্সিকো থেকে দলের যাত্রা বিলম্বিত হয়েছে। খেলোয়াড়রা হোটেলেই বিশ্রাম নিচ্ছেন। ফিফা নতুন করে যাত্রার সময় নির্ধারণ করেছে।’
পরে ফিফা এক বিবৃতিতে জানায়, সমস্যাটির জন্য বিমান সংস্থাই দায়ী।
ফিফার ভাষ্য, ‘মেক্সিকোতে বিমান সংস্থার প্রয়োজনীয় অনুমোদনসংক্রান্ত ত্রুটির কারণে ক্যানকুন থেকে মায়ামিগামী উরুগুয়ে জাতীয় দলের ফ্লাইট বিলম্বিত হয়েছে।’
বিবৃতিতে আরও বলা হয়, ‘সৃষ্ট অসুবিধার জন্য বিমান সংস্থা দুঃখ প্রকাশ করেছে। পুরো সময়জুড়ে ফিফা উরুগুয়ে দলের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ বজায় রেখেছে এবং বিমানবন্দর কর্তৃপক্ষ ও সংশ্লিষ্ট অংশীদারদের সঙ্গে কাজ করে দ্রুত পরিস্থিতি সমাধান ও ভ্রমণসূচিতে বিঘ্ন কমানোর চেষ্টা করেছে।’
পরবর্তীতে উরুগুয়ে দল নিরাপদে মায়ামিতে পৌঁছায়। সেখানে কোচ মার্সেলো বিয়েলসা ও অধিনায়ক হোসে মারিয়া হিমেনেজকে নিয়ে বিলম্বিত সংবাদ সম্মেলনও অনুষ্ঠিত হয়। তবে সূচিতে পরিবর্তন এলেও বিষয়টিকে বড় সমস্যা হিসেবে দেখছেন না বিয়েলসা। তিনি বলেছেন, ‘এই পরিস্থিতি আমাদের জন্য কোনো সমস্যা তৈরি করবে না।’
অধিনায়ক হিমেনেজও একই সুরে কথা বলেন, ‘কিছু জটিলতা ছিল, এটা অবশ্যই একটা অসুবিধা। তবে আমরা এটাকে ইতিবাচকভাবে নিয়েছি, কারণ হোটেলে অতিরিক্ত কিছু সময় বিশ্রাম নেওয়ার সুযোগ পেয়েছি,।’
সোমবার বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে সৌদি আরবের মুখোমুখি হবে উরুগুয়ে। ‘এইচ’ গ্রুপে তাদের অন্য দুই প্রতিপক্ষ কেপ ভার্দে ও স্পেন।








