পুঁচকে কেপ ভার্দে নকআউটে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনাকেও চাপে ফেলেছে। শুরুতে মেসির গোলে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা এগিয়ে গেলেও দ্বিতীয়ার্ধে সমতা ফেরায় তারা। তার পর ভোজিনহার অসাধারণ দক্ষতায় বাকিটা সময় তাদের রুখে দিয়ে নির্ধারিত সময়ের খেলায় ১-১ স্কোরলাইন ধরে রাখে তারা। তাতে ম্যাচ গড়িয়েছে অতিরিক্ত সময়ে।
মায়ামিতে ম্যাচের শুরুটা ছিল কিছুটা মন্থর। প্রথম দিকে পুঁচকে কেপ ভার্দে কিছুটা সমস্যা তৈরি করলেও ১৫ মিনিটের পর থেকেই ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নেয় আলবিসেলেস্তেরা।
তার পর লিওনেল মেসির একটি শট অল্পের জন্য বাইরে চলে যায়, আরেকটি ফ্রি-কিক গোলরক্ষক ভোজিনহা রুখে দেন। তবে শেষ পর্যন্ত জাদুকরি মুহূর্ত উপহার দেন আর্জেন্টাইন অধিনায়ক মেসিই। লিসান্দ্রো মার্তিনেজের নিখুঁত লং পাস বক্সে দারুণভাবে নিয়ন্ত্রণে নিয়ে দ্রুত শটে গোলরক্ষককে পরাস্ত করে দলকে ১-০ ব্যবধানে এগিয়ে দিয়েছেন।
তবে কেপ ভার্দে যে এমনি এমনি এতদূর আসেনি সেটা তারা প্রমাণ করে বিরতি থেকে ফিরেই। ৫৯ মিনিটে একটি গোল শোধ দিয়ে ম্যাচে ফেরে কেপ ভার্দে।
বিরতির পর থেকেই আর্জেন্টিনাকে চেপে ধরেছিল তারা। শেষ পর্যন্ত সেই চাপেরই পুরস্কার পেয়েছে। ৫৯ মিনিটে। দ্রুতগতির এক আক্রমণে ডান প্রান্তে ফাঁকা জায়গায় মেন্দেসকে বল বাড়িয়ে দেন মোরেইরা। অধিনায়ক দারুণ এক কাটব্যাকে বক্সের ভেতর খুঁজে নেন দেরয় দুয়ার্তেকে। তবু নিখুঁত শটে লিসান্দ্রো মার্তিনেজ ও গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজের দুজনকেই পরাস্ত করে দূরের পোস্ট ঘেঁষে জালে বল জড়ান দুয়ার্তে। যা নতুন করে যোগ করে উত্তেজনা।







