নরওয়েকে হারিয়ে বিশ্বকাপ কোয়ার্টার ফাইনালে জায়গা করে নেওয়ার লড়াইয়ে নামছে ব্রাজিল। তবে ম্যানচেস্টার সিটি স্ট্রাইকার আর্লিং হালান্ডকে বোতলবন্দী করতে তার দল কোনও বিশেষ ‘অ্যান্টি-হালান্ড’ প্ল্যান তৈরি করছে না বলে জানিয়েছেন ব্রাজিলের কোচ কার্লো আনচেলত্তি।
গ্রুপ ‘সি’-র চ্যাম্পিয়ন হওয়ার পর, রাউন্ড অব ৩২-এর ম্যাচে জাপানের বিরুদ্ধে পিছিয়ে পড়েও ইনজুরি টাইমে গ্যাব্রিয়েল মার্টিনেল্লির গোলে জয় ছিনিয়ে নেয় আনচেলত্তির দল।
ষষ্ঠ বিশ্বকাপ শিরোপা জয়ের স্বপ্ন টিকিয়ে রাখার পথে ব্রাজিলকে রবিবার মেটলাইফ স্টেডিয়ামে নরওয়ের বিপক্ষে আরও একটি কঠিন পরীক্ষার মুখোমুখি হতে হবে। এই ম্যাচের জয়ী দল কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ড অথবা সহ-আয়োজক মেক্সিকোর মুখোমুখি হবে।
তবে আনচেলত্তি জোর দিয়ে বলেছেন যে, আর্সেনাল ডিফেন্ডার গ্যাব্রিয়েল মাগালাইস কীভাবে হালান্ডকে আটকে রাখবেন—শুধু সেদিকে নজর না দিয়ে, তার খেলোয়াড়দের উচিত নরওয়ের সুশৃঙ্খল দলটিকে সামগ্রিকভাবে রুখে দেওয়ার দিকে মনোযোগ দেওয়া।
সংবাদ সম্মেলনে আনচেলত্তি বলেন, ‘‘আমার মনে হয় না ‘অ্যান্টি-হালান্ড’ প্ল্যান বলে কিছু আছে। আমার খেলোয়াড়দের কীভাবে ডিফেন্ড করতে হবে তা আলাদা করে বলার প্রয়োজন নেই, তারা এর আগেও একে অপরের মুখোমুখি হয়েছে।’’
তিনি আরও যোগ করেন, ‘আমাদের দল সেরা অবস্থায় আছে। তবে আমাদের আরও উন্নতি করতে হবে। সবাই জানে সে (হালান্ড) কীভাবে খেলে। আমার ডিফেন্ডারদের তার বিরুদ্ধে কীভাবে খেলতে হবে তা নতুন করে বোঝানোর কিছু নেই।’
‘তারা নিশ্চিতভাবেই তার বিরুদ্ধে বেশ কয়েকবার খেলেছে, তাই আমরা কেবল ম্যাচের জন্য ভালোভাবে প্রস্তুত হওয়া এবং প্রতিপক্ষের মৌলিক বৈশিষ্ট্যগুলো বোঝার দিকেই মনোযোগ দিচ্ছি। আমরা জানি আক্রমণভাগে তারা কতটা বিপজ্জনক।’
প্রতিপক্ষ নিয়ে ৬৭ বছর বয়সী কোচের কথা, ‘নরওয়ে একটি চ্যালেঞ্জিং দল, এমন একটি দল যাদের ভালো কাঠামো এবং দারুণ শৃঙ্খলা রয়েছে। তাই আমাদের সেরা স্তরে খেলতে হবে। তবে আমার মনে হয় আমরা এখন আমাদের সেরা ফর্মে আছি, কারণ জাপানের বিরুদ্ধে একটি কঠিন ম্যাচ জিতে আমাদের আত্মবিশ্বাস অনেক বেড়েছে।’
হালান্ড সম্পর্কে ব্রাজিলের আরেক ফুটবলার বলেছেন, ‘সে সত্যিই অনন্য সাধারণ। আমাদের তাকে মার্ক করতে হবে এবং একই সাথে আক্রমণও চালাতে হবে। আমাদের অবশ্যই আক্রমণাত্মক খেলতে হবে, তবে নিশ্চিত করতে হবে যেন কেউ একজন সবসময় তার ওপর কড়া নজর রাখে। কারণ মাত্র একটা বল পেলেই সে ম্যাচের ভাগ্য নির্ধারণ করে দিতে পারে, আর আমরা তাকে সেই সুযোগ দিতে চাই না।’









