বিশ্বকাপের শেষ ষোলোয় স্পেনের কাছে ১-০ গোলে হেরে বিদায় নেওয়ার পর পর্তুগাল জাতীয় দলের প্রধান কোচের পদ ছাড়ার ঘোষণা দিয়েছেন রবার্তো মার্তিনেজ।
স্পেনের বিপক্ষে ম্যাচ শেষে মার্তিনেজ বলেন, ‘একটি অধ্যায়ের সমাপ্তি হয়েছে। এখন দলের জন্য নতুন একটি কণ্ঠ প্রয়োজন। নতুন সভাপতি পেদ্রো প্রোয়েঞ্চার নিজের পছন্দের কোচ বেছে নেওয়ার সুযোগ থাকা উচিত। সেটাই স্বাভাবিক।’
২০২২ বিশ্বকাপে পর্তুগালের ব্যর্থতার পর ফার্নান্দো সান্তোসের স্থলাভিষিক্ত হয়ে ২০২৩ সালের শুরুতে দলের দায়িত্ব নেন বেলজিয়ামের সাবেক কোচ মার্তিনেজ।
তার অধীনে ২০২৪ ইউরোতে কোয়ার্টার ফাইনালে উঠেছিল পর্তুগাল। সেখানে ফ্রান্সের কাছে হেরে বিদায় নেয় দলটি। তবে ২০২৫ সালে স্পেনকে টাইব্রেকারে হারিয়ে উয়েফা নেশনস লিগের শিরোপা জিতে সাফল্যের স্বাদ পায় পর্তুগাল। কিন্তু এবার বিশ্বকাপে ক্রিস্টিয়ানো রোনালদোদের শেষ ষোলো থেকেই বিদায় নিতে হয়েছে।








