ইংল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপের হাইভোল্টেজ সেমিফাইনাল ম্যাচে ফকল্যান্ড দ্বীপপুঞ্জের ছবিযুক্ত কোনও পতাকা বা ব্যানার নিয়ে স্টেডিয়ামে ঢুকতে পারবেন না আর্জেন্টিনার সমর্থকরা। আর্জেন্টিনার নিরাপত্তামন্ত্রী আলেজান্দ্রো মন্তেওলিভা বিষয়টি নিশ্চিত করেছেন।
নিরাপত্তামন্ত্রী জানান, রাজনৈতিকভাবে বিভেদমূলক যেকোনও বিষয় প্রদর্শনের ওপর নিষেধাজ্ঞা রয়েছে ফিফার আচরণবিধিতে। সেই নিয়ম মেনেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে এই ঘোষণার পর আর্জেন্টিনার রাজধানী বুয়েনস এইরেসে সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র ক্ষোভ ও প্রতিক্রিয়া দেখা দিয়েছে।
১৯৮২ সালের এক যুদ্ধের মাধ্যমে ফকল্যান্ড দ্বীপপুঞ্জের ওপর নিজেদের নিয়ন্ত্রণ পুনঃপ্রতিষ্ঠা করে ইংল্যান্ড। তবে আর্জেন্টাইনরা এই দ্বীপপুঞ্জকে ‘মালভিনাস’ দাবি করে একে নিজেদের জাতীয় পরিচয়ের একটি অবিচ্ছেদ্য অংশ বলে মনে করে।
ফিফার আচরণবিধিতে রাজনৈতিক, আপত্তিকর কিংবা বৈষম্যমূলক যেকোনও স্লোগান ও গালিগালাজও নিষিদ্ধ করা হয়েছে। তবে আটলান্টায় নিযুক্ত যুক্তরাজ্যের প্রধান প্রতিনিধি কনসুল জেনারেল র্যাচেল গ্যালওয়ে আটলান্টা ফার্স্ট নিউজ-কে জানিয়েছেন, ফিফার নিষেধাজ্ঞা সত্ত্বেও আর্জেন্টাইন সমর্থকেরা মালভিনাস এবং ফুটবল কিংবদন্তি দিয়াগো ম্যারাডোনা ও লিওনেল মেসিকে জড়িয়ে মাঠে স্লোগান দেওয়া অব্যাহত রাখবেন বলেই তিনি মনে করেন।
তিনি আরও বলেন, সমর্থকরা এসব বিষয় নিয়ে গান গাইলেও আমরা একসঙ্গে কাজ করার পথ খুঁজে নেই।
সূত্র: এপি







