বিশ্বকাপ ফুটবল মানেই বাংলাদেশে উৎসবের আমেজ। প্রায় এক মাসের এই আয়োজনের শেষ অধ্যায়ে এসে উত্তেজনা এখন তুঙ্গে। ফুটবল বিশ্বের দৃষ্টি যুক্তরাষ্ট্রের নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে। শনিবার (১৯ জুলাই) দিবাগত রাত ১টায় বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি হবে লিওনেল মেসির আর্জেন্টিনা ও স্পেন।
এই মহারণ বড় পর্দায় উপভোগ করতে রাজধানীর বিভিন্ন স্থানে আয়োজন করা হয়েছে ‘ওয়াচ পার্টি’। কোথায় কোথায় খেলা দেখতে পারবেন, জেনে নিন—
ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা
ফুটবল উৎসবের আবহ পেতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি হতে পারে অন্যতম সেরা গন্তব্য। কোকা-কোলা বাংলাদেশের সহযোগিতায় এখানে হাজারো দর্শকের একসঙ্গে খেলা দেখার আয়োজন করা হয়েছে।
এ ছাড়া হাজী মুহম্মদ মহসীন হলে থাকছে বিশেষ আয়োজন। সেখানে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়া ও জাতীয় দলের ফুটবলার শেখ মোরসালিন।
বিশ্ববিদ্যালয় এলাকায় আরও বড় পর্দায় খেলা দেখানো হবে জগন্নাথ হল ও হলপাড়া এলাকায়।
মিরপুর ও বনানী
মিরপুরের দর্শকরা যেতে পারেন মিরপুর সিটি ক্লাব মাঠ অথবা মিরপুর ডিওএইচএস সেন্ট্রাল ফিল্ডে।
অন্যদিকে বনানীর কামাল আতাতুর্ক পার্কেও বড় পর্দায় খেলা দেখানোর আয়োজন রয়েছে। ম্যাচ শুরুর আগে সেখানে সংগীত পরিবেশন করবেন ফিফা বিশ্বকাপের অফিশিয়াল অ্যালবামের গায়ক সঞ্জয়।
মোহাম্মদপুর
মোহাম্মদপুরের তিন রাস্তার মোড়ে খেলার আয়োজন করা হয়েছে যুবদলের এক স্থানীয় নেতার আয়োজনে। বড় খালি জায়গায় স্থানীয় অনেকেই খেলা উপভোগ করেন এখানে। আশপাশে যারা বসবাস করেন, নির্দ্বিধায় চলে আসতে পারেন এখানে।
ধানমন্ডি
ধানমন্ডির পুরাতন ১৯ নম্বর সড়কেও রয়েছে খেলা দেখার আয়োজন। মূল সড়কের পাশে বড় পর্দায় খেলা দেখার আয়োজনে বসার ব্যবস্থা থাকছে না।
পশ্চিম রামপুরা
পশ্চিম রামপুরায় ওমর আলী লাইসিয়াম গ্রামার স্কুলের সামনে থাকছে বড় পর্দায় খেলা দেখার আয়োজন। তবে দাঁড়িয়ে থেকে খেলা দেখতে হবে এখানে।
পাঁচতারকা হোটেলে আয়োজন
আরামদায়ক পরিবেশে খেলা দেখতে চাইলে রাজধানীর কয়েকটি পাঁচতারকা হোটেলেও রয়েছে বড় পর্দার ব্যবস্থা। এর মধ্যে রয়েছে— প্যান প্যাসিফিক সোনারগাঁও ঢাকা (কারওয়ান বাজার); দ্য আলট্রাস ফেস্টিভ্যাল (গুলশান); লেকশোর গ্র্যান্ড (গুলশান-২); হোটেল আমারি ঢাকা; লে মেরিডিয়ান ঢাকা এবং ক্রাউন প্লাজা।
কনভেনশন হলেও থাকবে বড় পর্দা
রাজধানীর কয়েকটি কনভেনশন সেন্টারেও সরাসরি ফাইনাল ম্যাচ দেখানো হবে। এর মধ্যে রয়েছে— এলিট কনভেনশন হল (গুলশান-১, পুলিশ প্লাজার পাশে); আর্টিসান ওয়াচ পার্টি (তেজগাঁও) এবং আইসিসিএল কনভেনশন হল (মিরপুর টেকনিক্যাল মোড়ের পাশে)
তবে এসব বাণিজ্যিক ভেন্যুতে খেলা দেখতে টিকিট কেটে নির্ধারিত ফি পরিশোধ করতে হবে।
আগে যেতে হবে, নিরাপত্তার কথাও মাথায় রাখতে হবে
ফাইনাল উপলক্ষে এসব স্থানে দর্শকের ব্যাপক উপস্থিতি হতে পারে। তাই আয়োজকদের পরামর্শ, ভিড় এড়াতে এবং ভালো জায়গা নিশ্চিত করতে ম্যাচ শুরুর অন্তত এক ঘণ্টা আগে ভেন্যুতে পৌঁছে যাওয়া ভালো। তবে রাতের বেলা খেলা হওয়ায় যাওয়া আসার নিরাপত্তার কথাও মাথায় রাখতে হবে।









