বিশ্বকাপ জিতলে কোচের মুখের অবয়ব নিয়ে শরীরে ট্যাটু করাবেন—এমন প্রতিশ্রুতি দিয়েছিলেন আগেই। অনেকেই ভেবেছিলেন, সেটি হয়তো আবেগের মুহূর্তের কথা। কিন্তু স্পেন বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার পর কথা রাখলেন মার্ক কুকুরেয়া। হাতে স্থায়ীভাবে এঁকে ফেললেন কোচ লুইস দে লা ফুয়েন্তের প্রতিকৃতি।
গ্রীষ্মের শুরুতেই কুকুরেয়া ঘোষণা দিয়েছিলেন, স্পেন যদি বিশ্বকাপ জেতে, তাহলে কোচের মুখের ট্যাটু করাবেন। সেই প্রতিশ্রুতি অনুযায়ী ট্যাটু করিয়ে মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি প্রকাশ করেন তিনি। ছবির ক্যাপশনে লেখেন, ‘প্রতিশ্রুতি রক্ষা করেছি’।
ট্যাটুতে দে লা ফুয়েন্তেকে স্যুট পরিহিত অবস্থায় বিশ্বকাপ ট্রফি হাতে দেখা যাচ্ছে। এটি স্পেনের ইতিহাসে দ্বিতীয় বিশ্বকাপ শিরোপা। এর আগে ২০১০ সালে দক্ষিণ আফ্রিকায় প্রথমবার বিশ্বচ্যাম্পিয়ন হয়েছিল লা রোহারা।
কুকুরেয়ার এই উদ্যোগে মুগ্ধ হয়েছেন তার সতীর্থরাও। স্পেনের মিডফিল্ডার মিকেল মেরিনো মন্তব্য করেছেন, ঐতিহাসিক। আর টেনিস তারকা কার্লোস আলকারেজ লিখেছেন, দারুণ।
