দীর্ঘ প্রতীক্ষার অবসান হতে চলেছে। বিশ্বকাপ বিরতির পর আবারও মাঠে দেখা যেতে পারে লিওনেল মেসিকে। ইতোমধ্যেই দুর্দান্ত ছন্দে রয়েছে ইন্টার মায়ামি। এবার আরও শক্তিশালী হয়ে উঠতে পারে আর্জেন্টাইন জাদুকরের প্রত্যাবর্তনে। ঘরের মাঠে কলম্বাস ক্রুর বিপক্ষে ম্যাচে সব নজর এখন মেসির দিকেই।
বাংলাদেশ সময় রবিবার সকালে কলম্বাস ক্রুর বিপক্ষে ঘরের মাঠের ম্যাচে ইন্টার মায়ামির হয়ে আবারও খেলতে পারেন আর্জেন্টাইন অধিনায়ক।
মেসি এবং আর্জেন্টিনা জাতীয় দল ও ইন্টার মায়ামির সতীর্থ রদ্রিগো ডি পল শুক্রবার পুনরায় মৌসুম শুরু হওয়ার পর প্রথমবার দলের অনুশীলনে যোগ দেন। পরবর্তী ম্যাচের জন্য দুজনকেই নির্বাচনের জন্য বিবেচনায় রাখা হয়েছে।
ইন্টার মায়ামির প্রধান কোচ গিয়ের্মো হোয়োস শুক্রবার সাংবাদিকদের বলেন, ‘মেসি কিছুক্ষণ আগেই ফিরেছে, তাই এখনো ঠিকভাবে কথা বলার সুযোগ হয়নি। তবে সে এবং ডি পল ফিরে আসায় আমরা খুবই খুশি।’
মেসিকে ছাড়াই দুর্দান্ত ফর্মে রয়েছে ইন্টার মায়ামি। ১১ জয়, ২ হার ও ৪ ড্রয়ে তাদের সংগ্রহ ৩৭ পয়েন্ট। দলটি টানা সপ্তম জয়ের লক্ষ্যে মাঠে নামবে। ২০২৪ সালের সাপোর্টার্স শিল্ডজয়ী মায়ামি এবারও শিরোপার দৌড়ে রয়েছে এবং শীর্ষে থাকা ন্যাশভিল এসসির চেয়ে মাত্র ২ পয়েন্ট পিছিয়ে।








