যেতে চেয়েছিলেন, কিন্তু ক্লাব ছাড়তে দেয়নি। এবার সেই আলভারেজই ফিরছেন অ্যাতলেতিকোর স্কোয়াডে। বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদের প্রস্তাব থাকা সত্ত্বেও আর্জেন্টাইন ফরোয়ার্ডকে বিক্রি করতে রাজি হয়নি অ্যাতলেতিকো মাদ্রিদ। এরই মধ্যে ক্লাব ছাড়ার চেষ্টায় সমর্থকদের একাংশের ক্ষোভও তৈরি হয়েছে। সেই উত্তপ্ত পরিস্থিতির মাঝেই কোচ ডিয়েগো সিমিওনে জানালেন, ভিয়ারিয়ালের বিপক্ষে মাঠে ফেরার জন্য প্রস্তুত হুলিয়ান আলভারেজ। রবিবার লা লিগায় ভিয়ারিয়ালের মুখোমুখি হবে তারা।
শনিবার সাংবাদিকদের সিমিওনে বলেন, ‘হ্যাঁ, আগামীকাল (রবিবার) সে স্কোয়াডে থাকবে। সে আগের চেয়ে ভালো অবস্থায় আছে।’
বিশ্বকাপ-পরবর্তী ছুটি শেষে এখনও পুরোপুরি ম্যাচ ফিটনেস ফিরে পাননি আলভারেজ। সতীর্থদের মতো তিনিও ধীরে ধীরে ছন্দে ফিরছেন বলে জানিয়েছেন অ্যাতলেতিকো কোচ।
বুধবার মালাগার বিপক্ষে অ্যাতলেতিকো উদ্বোধনী ম্যাচে জয় পেলেও আলভারেজ সেই ম্যাচের স্কোয়াডে ছিলেন না।
মূলত গ্রীষ্মের দলবদলের সময়ে অ্যাতলেতিকো ছাড়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন আর্জেন্টিনার এই তারকা। তাকে দলে ভেড়াতে আগ্রহ দেখিয়েছিল বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ। দুই ক্লাবের প্রস্তাব থাকলেও আলভারেজকে বিক্রি করতে রাজি হয়নি অ্যাতলেতিকো।
এর ফলে ক্লাব ছাড়ার চেষ্টাকে কেন্দ্র করে অ্যাতলেতিকো সমর্থকদের একাংশের সঙ্গে আলভারেজের সম্পর্কেও টানাপোড়েন তৈরি হয়েছে।
মালাগার বিপক্ষেও কিছু সমর্থককে আলভারেজকে উদ্দেশ্য করে অপমানজনক স্লোগান দিতে শোনা যায়। ভিয়ারিয়ালের বিপক্ষে তার মাঠে ফেরার সময়ও এমন পরিস্থিতি তৈরি হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
সমর্থকদের এমন আচরণ নিয়ে আগেও সিমিওনে বলেছিলেন, সমর্থকদের মতামতকে সম্মান করা উচিত। তবে আলভারেজের সমালোচনার সঙ্গে তিনি নিজে একমত নন। এবারও সেটি স্পষ্ট করে দিয়েছেন, ‘আমি কোনো ধরনের অপমান বা কটূক্তির সঙ্গে একমত নই। বিষয়টি একেবারে পরিষ্কার।’







