দুই ম্যাচে দুই হার। এএফসি অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপের বাছাইয়ে শেষ ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ। যেখানে প্রতিপক্ষ ভারত। রবিবার উজবেকিস্তানের তাসখন্দের দোস্তলিক স্টেডিয়ামে মুখোমুখি হবে দুই দল। বাংলাদেশ সময় বিকাল ৫টায় শুরু হবে ম্যাচটি।
দুটি ম্যাচ খেলে কোনো পয়েন্ট না পাওয়ায় গ্রুপ ‘বি’-র তলানিতে রয়েছে বাংলাদেশ। টানা দুই পরাজয়ে টুর্নামেন্ট থেকে তাদের বিদায় এখন অনেকটাই নিশ্চিত।
বাছাইপর্বের আট গ্রুপের চ্যাম্পিয়ন এবং সেরা সাত রানার্সআপ দল জায়গা করে নেবে এএফসি অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপের মূল পর্বে।
বাছাইয়ে বাংলাদেশের শুরুটা হয়েছিল স্বাগতিক উজবেকিস্তানের কাছে ২-০ গোলে হেরে। দ্বিতীয় ম্যাচে সিরিয়ার বিপক্ষেও ছিল একই পরিণতি। এবার হারে ৩-০ গোলে।
অন্যদিকে ভারত শুরুটা করেছিল জয়ে। প্রথম ম্যাচে সিরিয়াকে ১-০ গোলে হারিয়েছিল তারা। তবে দ্বিতীয় ম্যাচে স্বাগতিক উজবেকিস্তানের কাছে বড় ব্যবধানে হেরেছে। বিধ্বস্ত হয় ৪-০ গোলে।
বাংলাদেশের বিপক্ষে শেষ ম্যাচটি তাই ভারতের জন্যও অত্যন্ত গুরুত্বপূর্ণ। ২০ বছর ধরে এএফসি অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপের মূল পর্বে খেলতে পারেনি ভারত। এবার সেই অপেক্ষার অবসান ঘটাতে মরিয়া তারা।
অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন জানিয়েছে, বাংলাদেশের বিপক্ষে ড্র করলেও গ্রুপে দ্বিতীয় হওয়ার সুযোগ থাকবে ভারতের। তবে প্রার্থনায় থাকতে হবে দিনের অন্য ম্যাচে সিরিয়া যেন গ্রুপের শীর্ষ দল উজবেকিস্তানকে হারাতে না পারে!
তবে ভারত-বাংলাদেশের এই লড়াইয়ে আলাদা উত্তাপ থাকছেই। চলতি বছরের শুরুতেই সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের ফাইনালে মুখোমুখি হয়েছিল দুই দল। নির্ধারিত ৯০ মিনিট গোলশূন্য থাকার পর টাইব্রেকারে ভারতকে হারিয়ে শিরোপা জিতেছিল বাংলাদেশ।








