আগামী ২৪ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর ইন্দোনেশিয়ার জাকার্তায় প্রথম আসিয়ান কাপে বাংলাদেশের খেলার সূচি প্রকাশ করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।
‘এ’ গ্রুপে বাংলাদেশের সঙ্গী স্বাগতিক ইন্দোনেশিয়া, মালয়েশিয়া ও সিঙ্গাপুর। ‘বি’ গ্রুপে রয়েছে থাইল্যান্ড, ভিয়েতনাম, ফিলিপাইন ও পাকিস্তান।
প্রথম ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ মালয়েশিয়া। ২৫ সেপ্টেম্বর বাংলাদেশ সময় দুপুর ৩টায় ম্যাচটি শুরু হবে। খেলা হবে গেলোরা বান কার্নো স্টেডিয়ামে। দুই দিন পর ২৮ সেপ্টেম্বর বাংলাদেশের ম্যাচ সিঙ্গাপুরের বিপক্ষে। একই মাঠে একই সময়ে ম্যাচটি শুরু হবে।
বাংলাদেশের গ্রুপ পর্বের শেষ ম্যাচ ইন্দোনেশিয়ার বিপক্ষে। ১ অক্টোবর সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে ম্যাচটি শুরু হবে। খেলা হবে গেলোরা বান কার্নো স্টেডিয়ামে।
ফিফা আসিয়ান কাপ প্রথমবার অনুষ্ঠিত হতে যাচ্ছে। ভারত প্রতিযোগিতায় অংশগ্রহণ না করায় বাংলাদেশকে সুযোগ দিয়েছে ফিফা। ফিফার আমন্ত্রণ পেয়ে সাড়া দিয়েছে বাফুফে।
টুর্নামেন্টের জন্য ২৮ সদস্যের প্রাথমিক দল নিয়ে আগে থেকেই অনুশীলন করছেন প্রধান কোচ টমাস ডুলি।









