রাজধানীর চানখারপুল এলাকার একটি ছাত্র মেস থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) অনিক চন্দ্র পাল নামে এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে মেসের কক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। অনিক জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ড্রয়িং ও পেইন্টিং বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তার গ্রামের বাড়ি সিলেটে। বর্তমানে মরদেহ ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
মেসের সদস্য ও জবি শিক্ষার্থী জয় ভূঁইয়া জানান, সোমবার থেকেই অনিকের তেমন সাড়াশব্দ পাওয়া যাচ্ছিল না। মঙ্গলবার রাত ৯টা থেকে সাড়ে ৯টার দিকে অনিকের এক ব্যাচমেট ফোনে তাকে না পেয়ে মেসে গিয়ে খোঁজ নিতে বলেন। পরে তারা দুজন অনিকের কক্ষের দরজায় দীর্ঘক্ষণ কড়া নাড়লেও কোনও সাড়া পাননি।
জয় ভূঁইয়া বলেন, দরজা ভেতর থেকে বন্ধ থাকায় তাদের সন্দেহ হয়। পরে জানালার কাচ ভেঙে ভেতরে তাকিয়ে অনিককে গলায় গামছা প্যাঁচানো অবস্থায় ফ্যানের সঙ্গে ঝুলতে দেখা যায়। এরপর দরজা খুলে তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
সহপাঠী ও মেস সদস্যদের সূত্রে জানা গেছে, দুই দিন আগে অনিকের সঙ্গে তার প্রেমিকার বিচ্ছেদ হয়। এরপর থেকে তার মোবাইল ফোন বন্ধ ও ভাঙা অবস্থায় পাওয়া যায়।
ঘটনার খবর পেয়ে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ছুটে যান জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ড্রয়িং ও পেইন্টিং বিভাগের সহকারী অধ্যাপক ও সহকারী প্রক্টর সুবাস পাল। তিনি বলেন, ‘শিক্ষার্থীরা খবর দেওয়ার কিছুক্ষণের মধ্যেই আমি হাসপাতালে পৌঁছাই। কিন্তু ততক্ষণে আমাদের শিক্ষার্থী আর বেঁচে ছিল না।’
তিনি বলেন, ‘আমি তার পরিবারের সঙ্গে যোগাযোগ করেছি। তার বাবার সঙ্গেও কথা হয়েছে। পরিবারের সদস্যরা আসার পর মেডিক্যাল ও থানার প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করা হবে।’
এ বিষয়ে বংশাল থানার অফিসার ইনচার্জ (পরিদর্শক) মো. রফিকুল ইসলাম বলেন, তিনি ঘটনাটি সম্পর্কে অবগত নন। বিষয়টি খোঁজ নিয়ে দেখবেন।









