তিন গোলের হার দিয়ে আসিয়ান কাপ শুরু বাংলাদেশের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ সেপ্টেম্বর ২০২৬, ১৭:০০ আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১৭:০২

স্বপ্নের অভিষেকের অপেক্ষায় ছিলেন তিন প্রবাসী ফুটবলার। কিন্তু জাকার্তার মাঠে তাদের অভিষেকের দিনটা হয়ে থাকলো হতাশার। ফিফা আসিয়ান কাপে প্রথম ম্যাচেই মালয়েশিয়ার কাছে ৩-০ গোলে হেরে গেছে বাংলাদেশ। ফারহান আলী ওয়াহিদ, শুকি ইতোফোসা ও জিদান ইউসুফের অভিষেকও তাই রাঙানো যায়নি।

র‌্যাঙ্কিংয়ে দুই দলের ব্যবধান ছিল ৪৫ ধাপ। মাঠের লড়াইয়েও সেই পার্থক্যটা স্পষ্ট করে তুলেছে মালয়েশিয়া। শুরু থেকেই বাংলাদেশের ওপর চাপ তৈরি করে খেলা দলটি প্রথমার্ধে দুই গোল করে এগিয়ে যায়। দ্বিতীয়ার্ধে আরও একটি গোল যোগ করে পূর্ণ তিন পয়েন্ট নিশ্চিত করে তারা।

শুক্রবার জাকার্তার গেলোরা বুং কার্নো (জিবিকে) স্টেডিয়ামে শুরু থেকেই দুই উইং ব্যবহার করে আক্রমণে ওঠে মালয়েশিয়া। তাদের গতিময় আক্রমণের সামনে বাংলাদেশের তারিক কাজী, শাকিল আহাদ তপুদের রক্ষণভাগকে বেশ কয়েকবার পরীক্ষার মুখে পড়তে হয়েছে।

ম্যাচের পঞ্চম মিনিটেই প্রথম সুযোগ তৈরি করে মালয়েশিয়া। বক্সের বাইরে থেকে ফয়সাল হালিমের ডান পায়ের জোরালো শট গোলরক্ষক মেহেদী হাসান শ্রাবণ হাত উঁচিয়ে পোস্টের ওপর দিয়ে বাইরে পাঠিয়ে দেন।

১৮ মিনিটে অবশ্য আর আটকে রাখা যায়নি মালয়েশিয়াকে। লাইনা নুয়ারের লং পাস থেকে বক্সের ভেতর বল পেয়ে যান আরিফ আয়মান। কোনাকুনি শটে শ্রাবণের দুই পায়ের ফাঁক দিয়ে বল জালে পাঠান এই ফরোয়ার্ড। শাকিল আহাদ তপু তাকে আটকানোর চেষ্টা করেও গোল ঠেকাতে পারেননি। এটি মালয়েশিয়ার হয়ে আরিফ আয়মানের ক্যারিয়ারের নবম গোল।

গোল হজমের পরও ম্যাচের নিয়ন্ত্রণ ধরে রাখে মালয়েশিয়া। ২৬ মিনিটে ব্রাজিলিয়ান বংশোদ্ভূত ফরোয়ার্ড বার্গসনের জোরালো শট অবশ্য লক্ষ্যভ্রষ্ট হয়।

৩৩ মিনিটে পাল্টা আক্রমণে সুযোগ তৈরি করে বাংলাদেশ। সাদ উদ্দিনের ক্রস থেকে রাকিব হোসেন ব্যাকহিলে শট নেওয়ার চেষ্টা করেন। তবে তার প্রচেষ্টা পোস্টের অনেক বাইরে দিয়ে চলে যায়।

এর চার মিনিট পর নিজেদের ভুলেই আবারও বিপদ ডেকে আনে বাংলাদেশ। শাকিল আহাদ তপুর ভুলে বক্সের ভেতর ফাঁকায় বল পেয়ে যান আরিফ আয়মান। সময় নিয়ে ডান পায়ের শটে গোলরক্ষক শ্রাবণকে পরাস্ত করেন তিনি। তাতে ম্যাচে নিজের দ্বিতীয় গোলের পাশাপাশি মালয়েশিয়াকে ২-০ ব্যবধানে এগিয়ে দেন এই ফরোয়ার্ড।

বিরতির আগে ব্যবধান কমানোর চেষ্টা করেছে বাংলাদেশ, কিন্তু মালয়েশিয়ার রক্ষণ ভাঙতে পারেনি। ফলে দুই গোলে পিছিয়ে থেকেই বিরতিতে যেতে হয় থমাস ডুলির দলকে।

বিরতির পর দুই পরিবর্তন আনেন বাংলাদেশ কোচ ডুলি। ফারহান আলী ওয়াহিদ ও ফাহমিদুল ইসলামকে তুলে শাহরিয়ার ইমন ও শুকি ইতোফোসাকে মাঠে নামানো হয়। জাপানি বংশোদ্ভূত শুকির অভিষেক হয় এই ম্যাচ দিয়ে। কিন্তু তাতেও মালয়েশিয়ার আক্রমণের ধার কমেনি।

৫২ মিনিটে ব্যবধান আরও বাড়ায় মালয়েশিয়া। বল পেয়ে চকিতে ঘুরে ডান পায়ের দৃষ্টিনন্দন শটে গোলরক্ষক শ্রাবণকে পরাস্ত করেন বার্গসন। সামনে থাকা শাকিল আহাদ তপু বলের গতি-প্রকৃতি বুঝে ওঠার আগেই জালে জড়িয়ে যায় বল। মালয়েশিয়ার লিড হয় ৩-০।

এরপর শেখ মোরসালিন ও জিদান ইউসুফকে মাঠে নামানো হয়। অনূর্ধ্ব-২০ দল থেকে উঠে এসে জাতীয় দলে অভিষেক হয় জিদানের। তাদের জায়গা করে দিতে মাঠ ছাড়েন শমিত সোম ও তারিক কাজী।

৭৬ মিনিটে গোল শোধের সবচেয়ে ভালো সুযোগটি পেয়েছিল বাংলাদেশ। শাহরিয়ার ইমনের পাসে বক্সের ভেতর বল পান হামজা চৌধুরী। প্রথম প্রচেষ্টায় তার শট গোলরক্ষকের গায়ে লেগে প্রতিহত হয়। ফিরতি সুযোগেও শট নেন হামজা, তবে এবারও মালয়েশিয়ার রক্ষণে বাধা পায় বল।

এর ছয় মিনিট পর শাহরিয়ার ইমনের দুর্বল শট সহজেই তালুবন্দী করেন মালয়েশিয়ার গোলরক্ষক। পরের মিনিটে অবশ্য আবারও গোলের সুযোগ তৈরি করে মালয়েশিয়া। বার্গসনের শট গোলরক্ষকের হাতে লেগে পোস্টে প্রতিহত হয়।

শেষ পর্যন্ত আর গোল হয়নি। ৩-০ গোলের হার নিয়েই মাঠ ছাড়তে হয় বাংলাদেশকে।

পুরো ম্যাচে বাংলাদেশের খেলায় সেভাবে ছন্দ দেখা যায়নি। আক্রমণে যেমন ধার ছিল না, তেমনি রক্ষণেও ছিল একাধিক ভুল। মালয়েশিয়ার চাপ সামলে নিজেদের খেলাটা প্রতিষ্ঠা করতে পারেনি লাল-সবুজের দল।

আসিয়ান কাপের প্রথম ম্যাচেই বড় হার দিয়ে শুরু করা বাংলাদেশ এবার ঘুরে দাঁড়ানোর অপেক্ষায়। গ্রুপের পরের ম্যাচে সোমবার স্বাগতিক ইন্দোনেশিয়ার মুখোমুখি হবে থমাস ডুলির দল।

 

/টিএ/এফআইআর/
সম্পর্কিত
ক্রুইফ বললেন, ‘ইতিবাচক প্রশ্ন নিয়ে আসুন’
ফিফা আসিয়ান কাপের জন্য থেমে গেলো দেশের ঘরোয়া ফুটবল
আমরা কাউকে ভয় পেতে আসিনি: হামজা 
সর্বশেষ খবর
হাতিরঝিলে বাস কাউন্টার ভেঙে চুরির চেষ্টা, হাতেনাতে আটক ৩
হাতিরঝিলে বাস কাউন্টার ভেঙে চুরির চেষ্টা, হাতেনাতে আটক ৩
নার্সের পেটে গজ রেখে সেলাই করে দিয়েছেন চিকিৎসক, মৃত্যুর সঙ্গে পাঞ্জা
নার্সের পেটে গজ রেখে সেলাই করে দিয়েছেন চিকিৎসক, মৃত্যুর সঙ্গে পাঞ্জা
সোশ্যাল মিডিয়া ফিডে ঝড় তুলবে আবুধাবির এই ১০ ফটোস্পট
সোশ্যাল মিডিয়া ফিডে ঝড় তুলবে আবুধাবির এই ১০ ফটোস্পট
এক্সপ্রেসওয়েতে এক বাসের পেছনে আরেকটির ধাক্কা, নিহত ৩
এক্সপ্রেসওয়েতে এক বাসের পেছনে আরেকটির ধাক্কা, নিহত ৩
সর্বাধিক পঠিত
চাকরি পাওয়ার খুশিতে বন্ধুদের সঙ্গে দেখা করতে গিয়ে জড়ালেন হত্যা মামলায়
চাকরি পাওয়ার খুশিতে বন্ধুদের সঙ্গে দেখা করতে গিয়ে জড়ালেন হত্যা মামলায়
জাতিসংঘের ওয়েবসাইটে জাইমা রহমানের বায়োতে যা লেখা হয়েছে
জাতিসংঘের ওয়েবসাইটে জাইমা রহমানের বায়োতে যা লেখা হয়েছে
জাতিসংঘে খলিলুর রহমানের কার্যালয়ে লিগ্যাল অফিসার হলেন জাইমা রহমান
জাতিসংঘে খলিলুর রহমানের কার্যালয়ে লিগ্যাল অফিসার হলেন জাইমা রহমান
বাংলাদেশকে ধন্যবাদ জানালেন ট্রাম্প
বাংলাদেশকে ধন্যবাদ জানালেন ট্রাম্প
ইলিশের সংকট কোথায়
ইলিশের সংকট কোথায়