প্রথমার্ধে দুর্দান্ত কিছু সেভে ফর্টিস এফসিকে গোলবঞ্চিত রেখেছিলেন ব্রাদার্স ইউনিয়নের গোলরক্ষক মোহাম্মদ রাজীব। কিন্তু বিরতির পর আর পারেননি। দ্বিতীয়ার্ধে ছয় গোল করে ব্রাদার্সের জালে রীতিমতো গোলবন্যা বইয়ে দিয়েছে ফর্টিস। শুক্রবার বাংলাদেশ ফুটবল লিগের তৃতীয় রাউন্ডে গোপালগঞ্জ জেলা স্টেডিয়ামে ব্রাদার্সকে ৬-০ গোলে হারিয়েছে তারা।
ফর্টিসের হয়ে জোড়া গোল করেছেন পা ওমর বাবু। একটি করে গোল করেছেন ইব্রাহীম, স্টিফেন চুকউদে, মোহাম্মদ ইনসান হোসেন ও রাফায়েল টুডু। দুটি গোল করার পাশাপাশি দুটি গোলে সহায়তাও করেছেন গাম্বিয়ান ফরোয়ার্ড পা ওমর বাবু।
ম্যাচের শুরু থেকেই ব্যস্ত সময় কাটাতে হয়েছে ব্রাদার্স গোলরক্ষক রাজীবকে। ২১ মিনিটে বক্সের মধ্যে জনাথনের সঙ্গে লড়াইয়ে জিতে ইব্রাহীমকে পাস দেন পা ওমর বাবু। বক্সে ঢুকে ইব্রাহীমের গতিময় শট অবশ্য ক্ষিপ্রতায় ঠেকিয়ে দেন রাজীব। কিছুক্ষণ পর পা ওমর বাবুর শট পোস্টের বাইরে দিয়ে চলে যায়।
৩৪ মিনিটে ইসা জালোর হেড থেকে গোলের সম্ভাবনা তৈরি হয়েছিল। কিন্তু শেষ মুহূর্তে বাঁ দিকে ঝাঁপিয়ে দলকে আবারও রক্ষা করেন রাজীব। তার দৃঢ়তায় গোলশূন্য স্কোর লাইন রেখে বিরতিতে যায় দুই দল।
বিরতির পর অবশ্য দৃশ্যপট বদলে যায়। ৫৬ মিনিটে বক্সের জটলার মধ্যে থেকে গোল করে ফর্টিসকে এগিয়ে দেন ইব্রাহীম। এরপর ৬৮ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন ইনসান। বাঁ দিক থেকে ইসা জালোর নিচু ক্রসে দূরের পোস্টে পা ছুঁইয়ে বল জালে পাঠান তিনি।
শেষ ১৫ মিনিটে আরও চার গোল করে ব্রাদার্সকে বড় ব্যবধানে হারায় ফর্টিস। ৭৫ মিনিটে মনির আলমের রক্ষণচেরা পাস পেয়ে প্রতিপক্ষের ডিফেন্ডারদের কাটিয়ে দারুণ ফিনিশিংয়ে গোল করেন পা ওমর বাবু। তাতে ব্যবধান হয় ৩-০।
চার মিনিট পর চুকউদের শট কর্নারের বিনিময়ে ঠেকান রাজীব। তবে ৮১ মিনিটে কঠিন কোণ থেকে গোল করে নিজের দ্বিতীয় গোলটি করেন পা ওমর বাবু। এরপর ৮৩ মিনিটে দলের পঞ্চম গোল করেন স্টিফেন চুকউদে। যোগ করা সময়ের তৃতীয় মিনিটে রাফায়েল টুডু গোল করলে ৬-০ ব্যবধানের বড় জয় নিশ্চিত হয় ফর্টিসের। শেষ দুটি গোলেই সহায়তা করেন পা ওমর বাবু।
দিনের অন্য ম্যাচে গাজীপুরের শহীদ বরকত স্টেডিয়ামে চট্টগ্রাম সিটি এফসিকে ২-১ গোলে হারিয়েছে সিটি ক্লাব। ফর্টিসের বিপক্ষে প্রথম ম্যাচে ৩-৩ গোলে ড্র করার পর টানা দুই ম্যাচে জয় পেল মিরপুরের দলটি।
অন্যদিকে মুন্সীগঞ্জের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে পিডব্লিউডির সঙ্গে গোলশূন্য ড্র করেছে রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটি।
তিন ম্যাচে দুটি জয় ও একটি ড্রয়ে ফর্টিস এফসি ও সিটি ক্লাবের পয়েন্ট সমান সাত। তবে গোল ব্যবধানে এগিয়ে থেকে শীর্ষে রয়েছে ফর্টিস।