সাফের ফেভারিট বাংলাদেশই, ২৩ বছর পর শিরোপা ঘরে ফেরাতে চাই: হামজা 

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ নভেম্বর ২০২৬, ১৬:৪১ আপডেট : ১০ নভেম্বর ২০২৬, ১৬:৪২

দীর্ঘ ২৩ বছরের অপেক্ষা। ২০০৩ সালের পর আর সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা ছুঁয়ে দেখা হয়নি বাংলাদেশের। এবার ঘরের মাঠে সেই আক্ষেপ ঘোচানোর স্বপ্ন দেখছে লাল-সবুজের দল। স্বপ্ন পূরণে আত্মবিশ্বাসী দলের তারকা ফুটবলার হামজা চৌধুরীও। শুধু শিরোপা জয়ের আশাই নয়, এবারের সাফে বাংলাদেশকেই ফেভারিট মনে করছেন তিনি।

দীর্ঘদিন পর ঘরের মাঠে জাতীয় স্টেডিয়ামে খেলতে নামার আগে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে নিজের প্রত্যাশা ও আত্মবিশ্বাসের কথা জানিয়েছেন হামজা। তার কাছে এবারের সাফ শুধু আরেকটি টুর্নামেন্ট নয়, ২৩ বছর পর দেশের মানুষের হাতে শিরোপা তুলে দেওয়ার বড় সুযোগ।

কিংস অ্যারেনায় অনুশীলনের ফাঁকে হামজা বলেন, ‘আমরা জানি, পুরো দেশ কী চায়। তবে দলের ওপর আমার অনেক আত্মবিশ্বাস আছে। সিঙ্গাপুর, হংকংয়ের মতো দলের সঙ্গে আমরা প্রতিদ্বন্দ্বিতা করেছি। ভারতকেও হারিয়েছি। আমরা জানি, আমাদের আরও ভালো খেলার সামর্থ্য আছে। আশা করি, এই টুর্নামেন্টে আমরা জিততে পারব।’

বাংলাদেশের ফুটবলে শিরোপার অপেক্ষা দীর্ঘ ২৩ বছরের। ২০০৩ সালে ঢাকায় অনুষ্ঠিত সাফ চ্যাম্পিয়নশিপে সর্বশেষ চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশ। এবার ঘরের মাঠে সেই অপেক্ষার অবসান ঘটাতে চান হামজা। তার ভাষায়, ‘ফুটবল দলীয় খেলা। এখানে শুধু আমাকে নিয়ে ভাবলে হবে না, পুরো দলকে নিয়ে ভাবতে হবে। আমরা ধীরে ধীরে উন্নতি করছি। ঘরের দর্শকদের সামনে আবার বড় টুর্নামেন্টে খেলতে পারছি, এটা দারুণ ব্যাপার। ২৩ বছর হয়ে গেছে আমরা শিরোপা জিতিনি। আশা করি, এবার সেটি ঘরে ফিরিয়ে আনতে পারব।’

শিরোপা জয়ের পথে সতীর্থদের ওপরও আস্থা রাখছেন এই মিডফিল্ডার। বিশেষ করে গোলের সুযোগ তৈরি করেও সেগুলো কাজে লাগাতে না পারার বিষয়টি নিয়ে খুব একটা চিন্তিত নন তিনি। হামজার মতে, সুযোগ তৈরি করতে না পারলেই বরং উদ্বেগের কারণ থাকত।

তিনি বলেন, ‘আমি উদ্বিগ্ন হতাম, যদি আমরা গোলের সুযোগ তৈরি করতে না পারতাম। কিন্তু আমরা সুযোগ তৈরি করছি। মালয়েশিয়ার বিপক্ষেও আমি নিজে সুযোগ নষ্ট করেছি। শেষ দিকে আমার গোল করা উচিত ছিল। তবে আমরা সুযোগ তৈরি করতে পারছি। আশা করি, সেগুলো কাজে লাগানোও শুরু করব।’

স্ট্রাইকার পজিশনে বাংলাদেশের সাম্প্রতিক দুর্বলতা নিয়ে প্রশ্ন উঠেছে। ফারহান আলী ওয়াহিদের অন্তর্ভুক্তি এবং মোরসালিনের উপস্থিতিতে আক্রমণভাগ আরও কার্যকর হবে বলে আশাবাদী হামজা। তার বিশ্বাস, অনুশীলন ও ম্যাচের মধ্য দিয়ে গোলের সামনে খেলোয়াড়দের আত্মবিশ্বাস বাড়বে।

বাংলাদেশের হয়ে খেলার গুরুত্বও আলাদা করে তুলে ধরেছেন হামজা। দেশের মানুষের ভালোবাসা ও সমর্থন তাকে অনুপ্রাণিত করে বলে জানিয়েছেন তিনি। ইংল্যান্ডে থাকতেও বাংলাদেশের সমর্থকদের খেলা দেখতে যাওয়ার বিষয়টি তার কাছে বিশেষ অর্থ বহন করে।

হামজার কথায়, ‘বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে পেরে আমি গর্বিত। মানুষ আমাকে যে ভালোবাসা ও সমর্থন দেখায়, তা অনেক বড় ব্যাপার। ইংল্যান্ডে থাকতেও বাংলাদেশের সমর্থকরা আমাদের খেলা দেখতে যেতেন। এটা আমার ও আমার পরিবারের কাছে অনেক অর্থ বহন করে। আশা করি, মাঠের পারফরম্যান্স দিয়ে তাদের সেই ভালোবাসার প্রতিদান দিতে পারব।’

বাংলাদেশে ফুটবল নিয়ে উন্মাদনা বেড়েছে বলে মনে করেন হামজা। তবে এখন সেই উন্মাদনাকে মাঠের সাফল্যে রূপ দেওয়ার সময়। তার মতে, শুধু তিনি নন, শমিত, ফারহান, ফাহমিদুলসহ আরও কয়েকজন ফুটবলারের আগমনও এই আগ্রহ বাড়াতে ভূমিকা রেখেছে।

তিনি বলেন, ‘আমরা সবাই একটা ভালো সময়ে একসঙ্গে এসেছি। ফুটবল নিয়ে উন্মাদনা অনেক বেড়েছে। তবে এখন আমাদের ম্যাচ জিততে হবে। সমর্থকরা আমাদের খেলা দেখতে অনেক সময় ও অর্থ ব্যয় করেন। তাদের সেই ভালোবাসার প্রতিদান দিতে হলে আমাদের টুর্নামেন্ট ও ম্যাচ জিততে হবে।’

দলের প্রয়োজনে মাঝমাঠ ছেড়ে কখনও আক্রমণে, কখনও রক্ষণে দেখা যায় হামজাকে। এতে মাঝমাঠে যে শূন্যতা তৈরি হয়, তা নিয়ে কোচের সঙ্গে আলোচনা হয়েছে বলেও স্বীকার করেছেন তিনি। তবে দলের প্রয়োজনে বাড়তি দায়িত্ব নিতে চান এই ফুটবলার, ‘মাঝেমধ্যে হয়তো আমি একটু বেশি কিছু করার চেষ্টা করি। শুধু দলকে সাহায্য করার জন্যই এমনটা করি। কীভাবে আক্রমণ কিংবা রক্ষণে দলকে আরও ভালোভাবে সাহায্য করতে পারি, তা নিয়ে কোচের সঙ্গে কথা হয়েছে। আমাদের দলে আক্রমণ ও রক্ষণে ভালো করার মতো অনেক সক্ষম খেলোয়াড় আছে। আমার কাজ হলো তাদের সঙ্গে সমন্বয় করা এবং দলকে সাহায্য করা। আন্তর্জাতিক ফুটবলে একসঙ্গে কাজ করার সময় খুব বেশি পাওয়া যায় না। তবে আমরা ধীরে ধীরে একই জায়গায় আসছি।’

সবশেষে এবারের সাফে ফেভারিট দল নিয়ে প্রশ্ন করা হলে নিজের দলকেই এগিয়ে রাখেন হামজা। আত্মবিশ্বাসের সঙ্গে বলেন, ‘আমার মনে হয়, বাংলাদেশই ফেভারিট। আমি অন্তত সেটাই মনে করতে চাই!’

 

/টিএ/এফআইআর/
সম্পর্কিত
হামজার পর দেশে এসেছেন ফারহান আলী ওয়াহিদ
বিশ্বনাথকে দেখে হামজার প্রশ্ন, ‘নতুন পজিশনে কেমন উপভোগ করছো?’
ঢাকায় হামজা চৌধুরী
সর্বশেষ খবর
সুপারমার্কেটে সাইবার হামলায় ইরানকে দায়ী করলো ফ্রান্স
সুপারমার্কেটে সাইবার হামলায় ইরানকে দায়ী করলো ফ্রান্স
মহাসড়কে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, ‍ওসি বললেন ‘চোখে পড়েনি’
মহাসড়কে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, ‍ওসি বললেন ‘চোখে পড়েনি’
২৪ হাজার হয়রানিমূলক মামলা প্রত্যাহার: সংসদে আইনমন্ত্রী
২৪ হাজার হয়রানিমূলক মামলা প্রত্যাহার: সংসদে আইনমন্ত্রী
শেখ হাসিনাকে প্রত্যর্পণ চুক্তিতেই দেশে ফিরতে হবে: চিফ প্রসিকিউটর
শেখ হাসিনাকে প্রত্যর্পণ চুক্তিতেই দেশে ফিরতে হবে: চিফ প্রসিকিউটর
সর্বাধিক পঠিত
পোশাক শ্রমিকদের সর্বনিম্ন- সর্বোচ্চ বেতনের প্রস্তাব, কারা কত পাবেন?
পোশাক শ্রমিকদের সর্বনিম্ন- সর্বোচ্চ বেতনের প্রস্তাব, কারা কত পাবেন?
বিএনপির প্রয়াত এমপির কন্যা নারায়ণগঞ্জ মহানগর এনসিপির আহ্বায়ক
বিএনপির প্রয়াত এমপির কন্যা নারায়ণগঞ্জ মহানগর এনসিপির আহ্বায়ক
প্রধানমন্ত্রীর সঙ্গে তুরস্কে গেলেন যারা
প্রধানমন্ত্রীর সঙ্গে তুরস্কে গেলেন যারা
২৫০ বছরের খননে গড়া পাহাড়ে ফিরছে বন্যপ্রাণী, খুলছে পর্যটন পথ
২৫০ বছরের খননে গড়া পাহাড়ে ফিরছে বন্যপ্রাণী, খুলছে পর্যটন পথ
খালেদা জিয়ার আসনে এমপি হওয়া ক্রীড়া সংগঠক হারুনুর রশিদ মারা গেছেন
খালেদা জিয়ার আসনে এমপি হওয়া ক্রীড়া সংগঠক হারুনুর রশিদ মারা গেছেন