খেলোয়াড় ও সমর্থকদের ভালোবাসায় আর্জেন্টিনার কোচ থাকছেন স্কালোনি

স্পোর্টস ডেস্ক 
১৩ নভেম্বর ২০২৬, ১৬:১৩ আপডেট : ১৩ নভেম্বর ২০২৬, ১৬:১৩

বিশ্বকাপের ফাইনালে হারের পর আর্জেন্টিনা জাতীয় দলের কোচের দায়িত্বে থাকা নিয়ে সংশয় প্রকাশ করেছিলেন লিওনেল স্কালোনি। তবে সেই অনিশ্চয়তা কাটিয়ে শেষ পর্যন্ত আলবিসেলেস্তেদের সঙ্গে থাকার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত চুক্তি নবায়ন করেছেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী এই কোচ। তার সিদ্ধান্ত বদলে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন দলের খেলোয়াড় ও সমর্থকরা।

২০২৬ বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে হারের পর নিউ জার্সিতে সংবাদ সম্মেলনে আবেগাপ্লুত হয়ে পড়েছিলেন স্কালোনি। তখনই জানিয়েছিলেন, ভবিষ্যৎ নিয়ে ভাবার জন্য তার সময় প্রয়োজন। সেই ঘোষণার পর প্রায় চার মাস পেরিয়ে গেছে। অবশেষে বৃহস্পতিবার আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) সভাপতি ক্লদিও তাপিয়ার সঙ্গে সংবাদ সম্মেলনে চুক্তি নবায়নের কথা জানান তিনি।

স্কালোনিকে ধরে রাখতে তাড়াহুড়া করেননি এএফএ সভাপতি ক্লদিও তাপিয়া ও অন্য কর্মকর্তারা। বরং তাকে সময় দেওয়ার কৌশল নিয়েছিলেন তারা। তাদের ধারণা ছিল, বিশ্বকাপের ফাইনালে হারের হতাশা ও আবেগ কাটিয়ে উঠতে সময় প্রয়োজন স্কালোনির। পরিবারের সঙ্গে সময় কাটিয়ে এবং নিজের কোচিং অধ্যায় নিয়ে নতুন করে ভাবার সুযোগ পেয়েছেন তিনি।

২০১৮ সালের সেপ্টেম্বরে আর্জেন্টিনার দায়িত্ব নেওয়ার পর চারটি শিরোপা জিতেছেন স্কালোনি। এর মধ্যে রয়েছে ২০২১ ও ২০২৪ সালের কোপা আমেরিকা, ২০২২ বিশ্বকাপ এবং ২০২২ সালের ফিনালিসিমা।

স্কালোনি নিজেও জানিয়েছেন, বিশ্বকাপের ফাইনালে হারার পর কঠিন সময়ের মধ্য দিয়ে গেছেন তিনি। তবে কখনোই দায়িত্ব ছাড়ার চূড়ান্ত সিদ্ধান্ত নেননি।

তিনি বলেন, ‘বিশ্বকাপ শেষ হওয়ার পর আমি যে চলে যাব, এমনটা বলিনি। তবে বিষয়টি নিয়ে ভাবার প্রয়োজন ছিল। সময় অনেক কিছু ঠিক করে দেয়। ফাইনালে না জেতার কষ্টটা ছিল অনেক বেশি। তখন সামনে কী করবো, তা নিয়ে ভাবতে হয়েছে। নতুন করে শক্তি সঞ্চয় করতে চেয়েছি। তবে আমরা আবার খেলোয়াড়দের নিয়ে বিশ্লেষণ শুরু করেছিলাম। নতুনদের দেখছিলাম। সেটাও ছিল ইতিবাচক সংকেত।’

গত সেপ্টেম্বরের শেষ দিকে তাপিয়ার সঙ্গে স্কালোনির প্রথম দফার আলোচনা শুরু হয়। সেখানে দলের ভবিষ্যৎ পরিকল্পনার পাশাপাশি চুক্তির আর্থিক বিষয়গুলোও উঠে আসে। শেষ পর্যন্ত ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত থাকার বিষয়ে সমঝোতা হয়। তবে চুক্তিতে রয়েছে বিশেষ শর্ত। ২০২৮ সালের কোপা আমেরিকার পর চাইলে দুই পক্ষ সম্পর্কের ইতি টানতে পারবে। অর্থাৎ চুক্তির কাঠামো ২+২ বছর।

স্কালোনির সিদ্ধান্তে সবচেয়ে বড় ভূমিকা রেখেছেন তার দলের খেলোয়াড়রা। বিশ্বকাপের ফাইনালের পরপরই একাধিক ফুটবলার প্রকাশ্যে কোচের প্রতি সমর্থন জানান। এনজো ফার্নান্দেজ বলেছিলেন, তারা চান স্কালোনি চুক্তি নবায়ন করুন। অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টারও কোচের প্রশংসা করে বলেছিলেন, দলের কাছে স্কালোনি অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন মানুষ। তারা তাকে অনেক ভালোবাসেন এবং তার সঙ্গে কাজ করতে গর্ববোধ করেন।

লাওতারো মার্তিনেসও জানিয়েছিলেন, স্কালোনিকে ভালো ও দায়িত্ব চালিয়ে যাওয়ার ব্যাপারে আগ্রহী মনে হচ্ছে। তরুণ ফুটবলার নিকো পাজের কাছেও স্কালোনির গুরুত্ব আলাদা। এই কোচের অধীনেই জাতীয় দলে অভিষেক হয়েছিল তার। তাই তিনিও চেয়েছিলেন স্কালোনি দায়িত্বে থাকুন।

খেলোয়াড়দের এমন ভালোবাসা ও সমর্থকদের আবেগাপ্লুত আবেদন ছুঁয়ে গেছে স্কালোনিকে। চুক্তি নবায়নের সংবাদ সম্মেলনে বিষয়টি স্বীকারও করেছেন তিনি।

স্কালোনি বলেন, ‘খেলোয়াড়রা আমার চুক্তি নবায়নের পক্ষে কথা বলেছে, এ জন্য তাদের ধন্যবাদ। সমর্থকদের অনুরোধ আমাকে আবেগাপ্লুত করেছে। আমরা যদি চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়ে থাকি, তার পেছনে সমর্থকদেরও ভূমিকা রয়েছে।’

তবে শুধু আবেগ নয়, মাঠের শক্তিও স্কালোনিকে দায়িত্ব চালিয়ে যাওয়ার সাহস জুগিয়েছে। তার বিশ্বাস, লিওনেল মেসিকে ছাড়াও আর্জেন্টিনার সামনে বড় লক্ষ্য অর্জনের মতো খেলোয়াড় রয়েছে। জাতীয় দল থেকে মেসির বিদায়ের পর নতুন একটি দল গড়ে তোলার চ্যালেঞ্জ নিতে প্রস্তুত তিনি।

স্কালোনির ভাষায়, ‘আমরা দেখেছি, দলে ভালো খেলোয়াড় রয়েছে। এই দল নিয়ে প্রতিদ্বন্দ্বিতা চালিয়ে যাওয়া সম্ভব।’

এদিকে, ২০২৬ সালের শেষ আন্তর্জাতিক বিরতিতে শুক্রবার উরুগুয়ের বিপক্ষে খেলবে আর্জেন্টিনা। এরপর ১৭ নভেম্বর কর্দোবার মারিও আলবার্তো কেম্পেস স্টেডিয়ামে তাদের প্রতিপক্ষ কোস্টারিকা। এই দুই প্রীতি ম্যাচে নতুন খেলোয়াড়দের পরখ করার পাশাপাশি ২০২৭ সালের পরিকল্পনাও এগিয়ে নিতে চান স্কালোনি। সামনে দক্ষিণ আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্বকে ঘিরেই তার মূল প্রস্তুতি।

 

/টিএ/আইএএম/
সম্পর্কিত
২২ বছরেই কোচিংয়ে ইতিহাস, ২০টির বেশি দেশে কাজ করেছেন যে আর্জেন্টাইন কোচ 
স্ক্যালোনির সংবাদ সম্মেলন ঘিরে কৌতূহল, জানাবেন ভবিষ্যৎ পরিকল্পনা?
নিষেধাজ্ঞা কমলেও আর্জেন্টিনা দলে যোগ দিতে পারছেন না মলিনা
সর্বশেষ খবর
সিগন্যাল অমান্য করে ছুটতে থাকা ট্রাকটি ধরা হলো ৫ কিলোমিটার ধাওয়া দিয়ে
সিগন্যাল অমান্য করে ছুটতে থাকা ট্রাকটি ধরা হলো ৫ কিলোমিটার ধাওয়া দিয়ে
দিবু মার্তিনেজকে ছাড়াই উরুগুয়ের বিপক্ষে আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ
দিবু মার্তিনেজকে ছাড়াই উরুগুয়ের বিপক্ষে আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ
৮৯ রানে অলআউট ভারত, এর কম স্কোর আর কতবার করেছিল দলটি?
৮৯ রানে অলআউট ভারত, এর কম স্কোর আর কতবার করেছিল দলটি?
জাতীয় সংসদে মন্ত্রী-এমপিরা অসত্য তথ্য দিলে কী হয়?
জাতীয় সংসদে মন্ত্রী-এমপিরা অসত্য তথ্য দিলে কী হয়?
সর্বাধিক পঠিত
একসঙ্গে ৫০ লাখ নিয়ে নারী পুলিশ কর্মকর্তা বললেন ‘এক-দুই কোটি টাকাও আসতে পারে’
একসঙ্গে ৫০ লাখ নিয়ে নারী পুলিশ কর্মকর্তা বললেন ‘এক-দুই কোটি টাকাও আসতে পারে’
৩৫ হাজার নাগরিকের জাতীয় পরিচয়পত্র লক
৩৫ হাজার নাগরিকের জাতীয় পরিচয়পত্র লক
ভারত থেকে দেশে ঢুকে রিসোর্টে আ.লীগের সাবেক এমপির সভা: ১৪ জন গ্রেফতার
ভারত থেকে দেশে ঢুকে রিসোর্টে আ.লীগের সাবেক এমপির সভা: ১৪ জন গ্রেফতার
বিক্ষোভে ২১০ কারখানা বন্ধের সিদ্ধান্ত মালিকদের
বিক্ষোভে ২১০ কারখানা বন্ধের সিদ্ধান্ত মালিকদের
মোদিকে প্রশ্ন করা নরওয়ের সেই সাংবাদিকের ভারতীয় ভিসা বাতিল
মোদিকে প্রশ্ন করা নরওয়ের সেই সাংবাদিকের ভারতীয় ভিসা বাতিল