বাংলাদেশকে হারিয়ে সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে প্রথমবার উঠেছে পাকিস্তান। স্বাগতিকদের ১-০ গোলে হারানোর পর পাকিস্তানের কোচ নলবার্তো সোলানো জানিয়েছেন, বাংলাদেশের বিপক্ষে তাদের কৌশল ছিল হামজা দেওয়ান চৌধুরীকে আটকে রাখা। সেই পরিকল্পনা সফল হওয়াতেই সেমিফাইনালে জয় পেয়েছে তার দল।
শনিবার (১৪ নভেম্বর) দ্বিতীয় সেমিফাইনালে বাংলাদেশের গোলকিপারের ভুলে পাওয়া সুযোগ কাজে লাগিয়ে ফাইনালের টিকিট নিশ্চিত করে পাকিস্তান। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে সোলানো বলেন, ‘প্রথমেই আমার খেলোয়াড়দের অভিনন্দন জানাতে চাই। পুরো জাতিকেও অভিনন্দন। ফাইনালে ওঠার জন্য আমরা সত্যিই অনেক পরিশ্রম করেছি। জানতাম, বাংলাদেশের বিপক্ষে কঠিন ম্যাচ খেলতে হবে। ওরা দারুণ দল, ব্যক্তিগতভাবে অভিজ্ঞ কয়েকজন খেলোয়াড়ও আছে। তবে আমাদের পরিকল্পনা খুব ভালোভাবে কাজে দিয়েছে। কীভাবে বাংলাদেশের জন্য ম্যাচ কঠিন করে তুলতে হবে, সেটা আমরা জানতাম।’
পুরো ম্যাচে শিষ্যদের পারফরম্যান্সে সন্তুষ্ট পাকিস্তান কোচ। বিশেষ করে গ্যালারির দর্শকদের উপস্থিতি ও স্টেডিয়ামের পরিবেশ মুগ্ধ করেছে তাকে। সোলানোর ভাষায়, ‘পুরো ৯০ মিনিট দল যেভাবে খেলেছে, তাতে আমি খেলোয়াড়দের নিয়ে ভীষণ গর্বিত। তারা খুব ভালো খেলেছে। স্টেডিয়ামটাও চমৎকার ছিল। দীর্ঘদিন এমন পরিবেশ অনুভব করিনি। দর্শকদের উপস্থিতি ছিল অসাধারণ।’
বাংলাদেশের ফুটবলের উন্নতির কথাও উল্লেখ করেছেন তিনি। একই সঙ্গে সমর্থকদের হতাশ না হয়ে দেশের ফুটবলের পাশে থাকার আহ্বান জানিয়েছেন। সোলানো বলেন, ‘আমি জানি বাংলাদেশের ফুটবলের অনেক উন্নতি হয়েছে। তবে এটাই ফুটবল। আপনারা নিজেদের দেশকে সমর্থন দিয়ে যান। এটি কেবল একটি টুর্নামেন্ট। আমি বিশ্বাস করি, বাংলাদেশের ভবিষ্যৎ খুব উজ্জ্বল।’
বাংলাদেশের বিপক্ষে জয়ের পেছনে হামজাকে আটকে রাখার পরিকল্পনা গুরুত্বপূর্ণ ছিল বলে জানিয়েছেন সোলানো। ইংলিশ ফুটবলে খেলা এই মিডফিল্ডারকে বলের নিয়ন্ত্রণ ও খেলার স্বাধীনতা দিতে চায়নি পাকিস্তান। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমরা জানতাম, তাদের দলে হামজা আছে। সে অসাধারণ একজন খেলোয়াড় এবং দলের সবচেয়ে অভিজ্ঞ। সে যেন বল পেয়ে স্বাধীনভাবে খেলতে না পারে, সেটাই ছিল আমাদের পরিকল্পনার অংশ। আমরা সেই জায়গাটা আটকে রেখেছিলাম।’
বাংলাদেশের গোলকিপারের ভুলে পাওয়া সুযোগ কাজে লাগানো প্রসঙ্গে পাকিস্তান কোচের বক্তব্য, ফুটবলে এমন ভুল হতেই পারে। তিনি বলেন, ‘এটা খেলারই অংশ। বাংলাদেশের খুব ভালো দল আছে, ভালো কোচও আছেন। কখনও কখনও এমনটা ঘটে। ম্যাচটি ছিল খুব প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। দুই দলই গোলের সুযোগ তৈরি করেছে। একটা পর্যায়ে মনে হচ্ছিল, যেকোনও দল জিততে পারে। তবে আমরা বেশ জমাট ছিলাম। বাংলাদেশের বিপক্ষে খুব বেশি পরিষ্কার সুযোগও তৈরি হয়নি।’
পাকিস্তানের সাম্প্রতিক ফুটবল-উন্নয়ন নিয়েও কথা বলেছেন সোলানো। তার মতে, আন্তর্জাতিক প্রতিযোগিতায় নিয়মিত অংশ নেওয়া দলটির উন্নতিতে সহায়তা করছে। মালদ্বীপে ডায়মন্ড জুবিলি টুর্নামেন্টের ফাইনাল খেলে শিরোপা জয়ের পর আসিয়ান কাপেও ভালো করেছে পাকিস্তান। এবার সাফের ফাইনালে উঠে সেই ধারাবাহিকতা ধরে রাখলো তারা।
সোলানো বলেন, ‘আমি পাকিস্তান জাতীয় দলের সঙ্গে আছি মাত্র এক বছর দুই মাস। খেলোয়াড়দের সাড়া দেখে আমি ভীষণ গর্বিত। মালদ্বীপে ভালো টুর্নামেন্ট খেলেছি। আসিয়ান কাপেও ভিয়েতনাম, ফিলিপাইন ও থাইল্যান্ডের মতো শক্তিশালী দলের বিপক্ষে খেলেছি। এসব প্রতিযোগিতা আমাদের অনেক সাহায্য করেছে। ধীরে ধীরে আমরা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ একটি দল গড়ে তুলছি।’
পাকিস্তানে এখনও পেশাদার ফুটবল লিগ নেই। তার পরও জাতীয় দলের খেলোয়াড়দের কঠোর পরিশ্রমের প্রশংসা করেছেন এই কোচ। তার কথায়, ‘কয়েক বছর আগে পাকিস্তানের ফুটবলে অনেক সমস্যা ছিল। দীর্ঘদিন নিষেধাজ্ঞার মধ্যেও থাকতে হয়েছে। এখনও দেশে পেশাদার লিগ নেই। তার পরও ছেলেরা জাতীয় দলে জায়গা করে নিতে কঠোর পরিশ্রম করছে এবং দেশের প্রতিনিধিত্ব করছে। তাদের নিয়ে আমি সত্যিই গর্বিত।’
ফাইনালে পাকিস্তানের প্রতিপক্ষ ভারত। গ্রুপ পর্বে এই ভারতের কাছেই ৩-২ গোলে হেরেছিল সোলানোর দল। তবে ফাইনালে ভিন্ন চিত্র দেখতে চান তিনি। প্রথম ম্যাচে দলের প্রস্তুতির ঘাটতি ও ভ্রমণক্লান্তিকে হারের অন্যতম কারণ হিসেবে উল্লেখ করেছেন পাকিস্তান কোচ।
তিনি বলেন, ‘ভারতের বিপক্ষে প্রথম ম্যাচে আমরা ভালো শুরু করতে পারিনি। বিশেষ করে প্রথম ৪৫ মিনিটে, যে কারণে তারা তিনটি গোল করেছিল। আমরা ভ্রমণ করে এসেছিলাম, অনুশীলনের সুযোগও পাইনি। এভাবে সরাসরি মাঠে নেমে খেলা কোনও দলের জন্যই ভালো নয়। কিছু ভুল করেছিলাম, যদিও শেষ দিকে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেছি। আমাদের প্রতিক্রিয়া কিছুটা দেরিতে এসেছিল।’
ফাইনাল নিয়ে আত্মবিশ্বাসী হলেও ভারতকে নিয়ে বাড়তি মন্তব্য করতে চাননি সোলানো। তার মতে, মাঠের পারফরম্যান্সই শেষ কথা। তিনি বলেন, ‘আমরা কয়েক দিন বিশ্রামের সুযোগ পাচ্ছি। মঙ্গলবার ভারতের বিপক্ষে খুব কঠিন একটি ম্যাচ খেলতে চাই। কে ভালো, কে খারাপ, সেই তুলনায় যেতে চাই না। এটা ফুটবল, মাঠেই আমাদের প্রমাণ করতে হবে।’