পাকিস্তানের কাছে হেরে সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠা হয়নি বাংলাদেশের। সেমিফাইনালে দলের পারফরম্যান্স, কোচের কৌশল এবং বদলি খেলোয়াড় নামানোর সময় নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন অধিনায়ক জামাল ভূঁইয়া। তার মতে, পাকিস্তান পাঁচ ডিফেন্ডার নিয়ে খেলবে, তা জানা থাকলেও প্রতিপক্ষের রক্ষণ ভাঙার কার্যকর কোনও কৌশল বের করতে পারেনি বাংলাদেশ।
ম্যাচের পর মানসিকভাবে ভেঙে পড়েছেন বাংলাদেশের ফুটবলাররা। সতীর্থ হামজা চৌধুরীর সঙ্গে ভোর ৬টা পর্যন্ত নিজের কক্ষে ছিলেন জামাল। হতাশা প্রকাশ করে তিনি বলেন, ‘অনেক খারাপ লাগছে। সারারাত ঘুমাতে পারিনি। হামজার রুমে ছিলাম ভোর ৬টা পর্যন্ত। কারণ, আমরা আগের ম্যাচের মতো খেলতে পারিনি। এর কারণ সম্ভবত কৌশলগত ঘাটতি।’
পাকিস্তানের কৌশল নিয়ে প্রশ্ন করা হলে জামাল বলেন, ‘আমরা জানতাম পাকিস্তান পাঁচ ডিফেন্ডার নিয়ে খেলবে। কিন্তু কোনও দল পাঁচ ডিফেন্ডার নিয়ে খেললে সাধারণত আমরা কিছু সমাধান বের করতে পারি। গতকাল আমি কোনও সমাধানই দেখিনি। এটা কিছুটা হতাশাজনক।’
পাকিস্তানের বিপক্ষে ম্যাচে বদলি হিসেবে মাঠে নামার সময় নিয়েও অসন্তুষ্ট জামাল। তার মতে, দলের সবাই ক্লান্ত ছিলেন। তাই আরও আগে মাঠে নামার প্রত্যাশা করেছিলেন তিনি। জামাল বলেন, ‘অবশ্যই দলের সবাই ক্লান্ত ছিল। আমি ভেবেছিলাম আরও আগে নামব। আমাদের তিনজনকে একসঙ্গে ৮৬ মিনিটে ডাকা হয়েছিল। কিন্তু আমরা মাঠে নেমেছি ৯০ মিনিটের পর যোগ করা সময়ে।’
ম্যাচ শেষে এ নিয়ে নিজের ক্ষোভের কথাও জানিয়েছেন অভিজ্ঞ এই ফুটবলার। তার ভাষায়, ‘এটা নিয়ে ম্যাচের পর অনেক কথা বলেছি। কারণ, আমার রাগ ছিল। আমার মনে হয়েছে, বিষয়টি প্রত্যাশামতো হয়নি। তবে এটাই জীবন। শেষ পর্যন্ত আমরা হেরেছি, ফাইনালে খেলতে পারিনি।’
শুধু পাকিস্তান ম্যাচের কৌশল নয়, শ্রীলঙ্কার বিপক্ষে আগের ম্যাচে গুরুত্বপূর্ণ খেলোয়াড়দের বিশ্রাম না দেওয়ার সিদ্ধান্ত নিয়েও প্রশ্ন তুলেছেন জামাল। বিশেষ করে হামজা চৌধুরীর মতো খেলোয়াড়কে বিশ্রাম দেওয়া প্রয়োজন ছিল বলে মনে করেন তিনি।
জামাল বলেন, ‘আমি একমত। আগের ম্যাচে যখন আমরা ২-০ গোলে এগিয়ে ছিলাম, তখন গুরুত্বপূর্ণ খেলোয়াড়দের বিশ্রাম দেওয়া যেত। সবাই গুরুত্বপূর্ণ, তবে হামজার মতো খেলোয়াড়ের বিশ্রাম দরকার ছিল। কারণ, মাত্র ৪৮ ঘণ্টা পরই আমাদের আরেকটি ম্যাচ ছিল।’
এ ক্ষেত্রে খেলোয়াড়দের পাশাপাশি টিম ম্যানেজমেন্টেরও শিক্ষা নেওয়া উচিত বলে মনে করেন জামাল। তিনি বলেন, ‘এখানে কিছু ভুল ছিল। তবে শুধু খেলোয়াড়দেরই শিখতে হবে, তা নয়; ম্যানেজমেন্টকেও এ বিষয়গুলো থেকে শিখতে হবে। যদিও শেষ পর্যন্ত কে খেলবে, কে খেলবে না, সেটি কোচের সিদ্ধান্ত।’
উল্লেখ্য, শনিবার ঢাকার জাতীয় স্টেডিয়ামে সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে পাকিস্তানের কাছে ১-০ গোলে হেরে বিদায় নিয়েছে বাংলাদেশ।