সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে পাকিস্তানের কাছে হারের হতাশা এখনও কাটিয়ে উঠতে পারেনি বাংলাদেশ দল। ফাইনালে ওঠার স্বপ্নভঙ্গের পর সামাজিক যোগাযোগমাধ্যমে সমর্থকদের কাছে দুঃখ প্রকাশ করেছেন জাতীয় দলের ডিফেন্ডার বিশ্বনাথ ঘোষ। একই সঙ্গে দলের জন্য নিজের সর্বোচ্চটা দেওয়ার প্রতিশ্রুতিও দিয়েছেন তিনি।
বিশ্বনাথ লিখেছেন, ‘মৃত্যুর আগপর্যন্ত দলের জন্য নিজের সামর্থ্যের সবটুকু উজাড় করে দেবো, যে অবস্থানেই থাকি না কেন। এই ফল মেনে নেওয়া সত্যিই কঠিন।’
দল হিসেবে সমর্থকদের হতাশ করার জন্য গভীর দুঃখ প্রকাশ করে তিনি আরও লিখেছেন, ‘আমরা আপনাদের হতাশ করেছি। তবে আরও শক্তিশালী হয়ে ফিরে আসবো। আপনাদের কাছ থেকে যে পরিমাণ ভালোবাসা পেয়েছি, মাঠের পারফরম্যান্স দিয়ে তার যথাযথ প্রতিদান দিতে চাই।’
নিজের দায়িত্ব ও সামর্থ্য নিয়েও সচেতন বিশ্বনাথ। সমর্থকদের উদ্দেশে তার প্রতিশ্রুতি, ‘দলের জন্য আরও কার্যকর খেলোয়াড় হতে ব্যক্তিগতভাবে সবকিছু করার চেষ্টা করবো। সমর্থক ও দলের জার্সির প্রতি এটি আমার প্রতিশ্রুতি।’
পাকিস্তানের বিপক্ষে ম্যাচে চোট পাওয়া সতীর্থ সাদকে নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন এই ডিফেন্ডার। তার সুস্থতার জন্য সমর্থকদের কাছে দোয়া চেয়ে বিশ্বনাথ লিখেছেন, ‘আমাদের দল এবং সাদের জন্য দোয়া করবেন। সেও কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছে।’