একদিকে প্রথমবারের মতো সাফ চ্যাম্পিয়ন হওয়ার হাতছানি, অন্যদিকে দশম শিরোপার হাতছানি। দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান আজ মঙ্গলবার মুখোমুখি হচ্ছে দক্ষিণ এশিয়ার ফুটবলের শ্রেষ্ঠত্বের লড়াইয়ে। ঢাকার জাতীয় স্টেডিয়ামে রাত ৮টায় শুরু হবে সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনাল। ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে টি স্পোর্টস।
সাফের ইতিহাসে এবারই প্রথম ফাইনালে উঠেছে পাকিস্তান। ফলে শিরোপা জিততে পারলে সেটি হবে দেশটির ফুটবলের জন্য ঐতিহাসিক অর্জন। অন্যদিকে এখন পর্যন্ত ৯বারের চ্যাম্পিয়ন ভারত। দশমবারের মতো ট্রফি জিতে দক্ষিণ এশিয়ার ফুটবলে নিজেদের আধিপত্য আরও সুসংহত করতে চায় তারা।
আন্তর্জাতিক ফুটবলে দুই দলের মুখোমুখি লড়াইয়ে অবশ্য ভারতের পাল্লাই ভারী। এখন পর্যন্ত ২৬ ম্যাচে ভারত জিতেছে ১৩টিতে, পাকিস্তানের জয় তিনটি। বাকি ১০ ম্যাচ হয়েছে ড্র। তবে অতীতের পরিসংখ্যান দিয়ে ফাইনালের ভাগ্য নির্ধারণ করতে রাজি নয় পাকিস্তান।
এবারের আসরে পারফরম্যান্সই পাকিস্তানের আত্মবিশ্বাসের বড় উৎস। গ্রুপ পর্ব থেকে সেমিফাইনা; প্রতিটি ধাপেই নিজেদের সামর্থ্যের প্রমাণ দিয়েছে দলটি। বিশেষ করে সেমিফাইনালে স্বাগতিক বাংলাদেশকে ১-০ গোলে হারিয়ে ফাইনালে ওঠা তাদের আত্মবিশ্বাস বাড়িয়ে দিয়েছে কয়েক গুণ। দলের বেশ কয়েকজন খেলোয়াড় ইউরোপের ফুটবলে খেলেন। শারীরিক সক্ষমতা ও কৌশলগত শৃঙ্খলাও পাকিস্তানের বড় শক্তি।
দলের পেরুভিয়ান কোচ নলবার্তো সোলানোও পাকিস্তানের বড় ভরসা। বাংলাদেশের বিপক্ষে সেমিফাইনালে তার কৌশলী পরিকল্পনা ছিল আলোচনায়। এবার ভারতের বিপক্ষেও নতুন পরিকল্পনায় চমক দেখাতে চান তিনি। প্রথমবার ফাইনালে উঠেই শিরোপা জিতে দেশে ফেরার স্বপ্ন দেখছে পাকিস্তান।
অন্যদিকে, ভারত এসেছে অনূর্ধ্ব-২৩ দলের খেলোয়াড়দের নিয়ে। কোচ নওশাদ মুসার অধীনে তরুণ দলটি প্রত্যাশার চেয়ে ভালো পারফরম্যান্স করে ফাইনালে উঠেছে। তাদের আত্মবিশ্বাসের বড় জায়গা গ্রুপ পর্বে পাকিস্তানের বিপক্ষে জয়। সেই ম্যাচে ৩-২ গোলে জিতেছিল ভারত।
তবে গ্রুপ পর্বের সেই জয় ফাইনালে বাড়তি সুবিধা দেবে, এমনটা মনে করছে না ভারতীয় শিবির। কারণ, প্রথম ম্যাচের তুলনায় পাকিস্তানের দলে এসেছে বেশ কিছু পরিবর্তন। প্রতিপক্ষের সাম্প্রতিক পারফরম্যান্স বিশ্লেষণ করে ভিন্ন কৌশলে মাঠে নামার প্রস্তুতি নিয়েছে ভারতও।
ফাইনালের সমীকরণ তাই দুই দলের জন্যই ভিন্ন। পাকিস্তান চাইবে প্রথমবারের মতো শিরোপা জিতে ইতিহাস গড়তে। আর ভারত তাকিয়ে থাকবে দশম সাফ ট্রফির দিকে।
সব মিলিয়ে ঢাকার জাতীয় স্টেডিয়ামে আজ জমজমাট এক ফাইনালের অপেক্ষা। দুই চিরপ্রতিদ্বন্দ্বীর লড়াইয়ে শেষ হাসি কে হাসবে- ভারত, নাকি পাকিস্তান? উত্তর মিলবে রাতেই।