সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনাল শেষে পুরস্কার বিতরণী মঞ্চের সামনে দেখা গেলো সৌজন্য ও খেলোয়াড়সুলভ মানসিকতার এক অনন্য দৃশ্য। রানার্সআপ ট্রফি নিতে মঞ্চে ওঠার সময় পাকিস্তান দলকে গার্ড অব অনার দিয়ে সম্মান জানায় চ্যাম্পিয়ন ভারত। পরে ভারতীয় দলকেও একইভাবে গার্ড অব অনার দেয় পাকিস্তান।
মঙ্গলবার (১৭ নভেম্বর) রাতে জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে প্রথমার্ধে পিছিয়ে পড়েও পাকিস্তানকে ২-১ গোলে হারিয়েছে ভারত। এই জয়ে রেকর্ড দশমবারের মতো সাফ চ্যাম্পিয়ন হয়েছে ‘ব্লু টাইগার্স’রা।
শুধু দলীয় শিরোপা নয়, টুর্নামেন্টের ব্যক্তিগত পুরস্কারেও একচ্ছত্র আধিপত্য দেখিয়েছে ভারত। সেরা গোলকিপার, সর্বোচ্চ গোলদাতা ও টুর্নামেন্টসেরা খেলোয়াড়—তিনটি পুরস্কারই জিতেছেন ভারতীয় ফুটবলাররা।
আসরের সেরা গোলকিপারের পুরস্কার উঠেছে আর্শ শেখের হাতে। পুরো টুর্নামেন্টে দারুণ পারফরম্যান্সের পাশাপাশি ফাইনালেও পাকিস্তানের একের পর এক আক্রমণ সামাল দিয়ে দলের জয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখেন তিনি। বিশেষ করে প্রথমার্ধে পাকিস্তানের আক্রমণের মুখে তার কয়েকটি দুর্দান্ত সেভ ভারতকে ম্যাচে টিকিয়ে রাখে।
অন্যদিকে, ব্যক্তিগত দুটি বড় পুরস্কারই জিতেছেন ভারতের ফরোয়ার্ড সুহাইল ভাট। চার গোল করে টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতার পুরস্কার জেতার পাশাপাশি হয়েছেন আসরের সেরা খেলোয়াড়ও। ফাইনালেও পিছিয়ে পড়া ভারতকে সমতায় ফেরান তিনি। ম্যাচের ৬০ মিনিটে তার গোলেই ১-১ সমতা ফেরে। এর আগে গ্রুপ পর্বে পাকিস্তানের বিপক্ষে জোড়া গোল এবং মালদ্বীপের বিপক্ষে একটি গোল করেছিলেন সুহাইল।
সব মিলিয়ে মাঠের পারফরম্যান্সে শিরোপা ও ব্যক্তিগত পুরস্কার নিজেদের করে নেওয়ার পর মাঠের বাইরেও সৌজন্যের দৃষ্টান্ত স্থাপন করেছে দুই দল। প্রতিপক্ষকে সম্মান জানিয়ে গার্ড অব অনার দেওয়ার দৃশ্যটি ফাইনালের অন্যতম স্মরণীয় মুহূর্ত হয়ে থাকলো।
প্রাইজমানিতেও এগিয়ে চ্যাম্পিয়ন ভারত। শিরোপাজয়ী দল পেয়েছে ৪০ হাজার ডলার, বাংলাদেশি মুদ্রায় প্রায় ৫০ লাখ টাকা। আর রানার্সআপ পাকিস্তানের প্রাপ্তি ১৫ হাজার ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৯ লাখ টাকা।