২০০৩ সাফজয়ী সেই ১১ ফুটবলার এখন কে কোথায়?

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ নভেম্বর ২০২৬, ১০:০০ আপডেট : ১৭ নভেম্বর ২০২৬, ১০:০০

একটি ট্রফি, একটি রাত, আর কোটি মানুষের উচ্ছ্বাস। ২০০৩ সালের ২০ জানুয়ারির সেই স্মৃতি বাংলাদেশের ফুটবল ইতিহাসে এখনও অমলিন। ঢাকার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে মালদ্বীপকে টাইব্রেকারে ৫-৩ গোলে হারিয়ে প্রথমবারের মতো সাফ চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশ। নির্ধারিত ও অতিরিক্ত সময়ে ১-১ গোলে সমতা থাকার পর টাইব্রেকারে শিরোপা নিশ্চিত করেছিলেন লাল-সবুজের ফুটবলাররা।

সেই ঐতিহাসিক সাফল্যের ২৩ বছর পেরিয়ে গেছে। আজ মঙ্গলবার আবার সাফের ফাইনাল, তবে সেখানে নেই বাংলাদেশ। দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠত্বের লড়াইয়ে বাংলাদেশের অনুপস্থিতি যখন নতুন করে আলোচনায়, তখন ফিরে দেখা যাক একমাত্র সাফজয়ী দলটির সেই ১১ ফুটবলারকে। সময়ের সঙ্গে বদলে গেছে তাদের জীবন। কেউ কোচিংয়ে যুক্ত হয়েছেন, কেউ রাজনীতি কিংবা ব্যবসায়, আবার কেউ ফুটবল থেকেই নিজেকে সরিয়ে নিয়েছেন। কেমন আছেন সেই একাদশের সদস্যরা?

নেপথ্যের কারিগর কোচ জর্জ কোটান আর বেঁচে নেই। তার অধীনেই ২০০৩ সালের ফাইনালে বাংলাদেশের একাদশে ছিলেন গোলরক্ষক আমিনুল হক। রক্ষণে হাসান আল মামুন, মোহাম্মদ সুজন, কাজী নজরুল ইসলাম, ফিরোজ মাহমুদ হোসেন টিটু ও মোস্তফা আনোয়ার পারভেজ। মাঝমাঠে আরিফ খান জয়, আরমান মিয়া ও মতিউর রহমান মুন্না। আক্রমণে আলফাজ আহমেদ ও রোকনুজ্জামান কাঞ্চন।

আমিনুল হক: বাংলাদেশের ইতিহাসের অন্যতম সেরা গোলরক্ষক হিসেবে বিবেচিত আমিনুল। ২০০৩ সালের সাফে পুরো টুর্নামেন্টে মাত্র দুটি গোল হজম করেছিলেন তিনি। ফাইনালেও প্রতিপক্ষের আক্রমণ সামলে শিরোপা জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। ফুটবল ছাড়ার পর রাজনীতিতে যুক্ত হন। বর্তমানে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করছেন।

সাফের ফাইনালের সদস্যরা। হাসান আল মামুন: নিয়মিত অধিনায়ক রজনী কান্ত বর্মণ কার্ডের কারণে ফাইনালে খেলতে না পারায় বাংলাদেশকে নেতৃত্ব দিয়েছিলেন এই ডিফেন্ডার। ২০১৬ সালে ফুটবলকে বিদায় জানানোর পর কোচিংয়ে যুক্ত হন। চট্টগ্রাম আবাহনীর সহকারী কোচ হিসেবে শুরু করে পরে শেখ জামাল ধানমন্ডি ক্লাবেও একই দায়িত্ব পালন করেছেন। বর্তমানে জাতীয় দলের সহকারী কোচ হিসেবে কাজ করছেন।

মোহাম্মদ সুজন: মালদ্বীপের বিপক্ষে টাইব্রেকারে বাংলাদেশের হয়ে শেষ শটটি নিয়ে শিরোপা নিশ্চিত করেছিলেন এই ডিফেন্ডার। খেলোয়াড়ি জীবন শেষে নারায়ণগঞ্জে স্থানীয় পর্যায়ে কোচিংয়ের পাশাপাশি ব্যবসার সঙ্গে যুক্ত হয়েছেন। জাতীয়তাবাদী ক্রীড়া দলের সঙ্গেও রয়েছেন।

কাজী নজরুল ইসলাম: ক্যারিয়ারের বড় একটি সময় কাটিয়েছেন আবাহনী লিমিটেডে। খেলোয়াড়ি জীবন শেষে কোচিংয়ে যুক্ত হন। আবাহনীর সহকারী কোচ ও ম্যানেজার হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি নিজ জেলা নারায়ণগঞ্জে ব্যবসার সঙ্গেও জড়িত রয়েছেন।

ফিরোজ মাহমুদ হোসেন টিটু: বাংলাদেশের রক্ষণভাগের এই রাইটব্যাক ২০১২ সালে ফুটবলকে বিদায় জানান। পরে মুক্তিযোদ্ধা ক্লাবের ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করেছেন। রাজনীতির সঙ্গেও যুক্ত ছিলেন। বর্তমানে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সংশ্লিষ্ট রয়েছেন।

মোস্তফা আনোয়ার পারভেজ: লেফট উইংব্যাক হিসেবে খেলা পারভেজ অবসরের পর কোচিংয়েও সাফল্য পেয়েছেন। তার অধীনে ২০১৮ সালে বাংলাদেশ অনূর্ধ্ব-১৫ দল সাফ চ্যাম্পিয়ন হয়েছিল। দীর্ঘদিন বাফুফের কোচিং প্যানেলে কাজ করেছেন। পরে হেড অব এলিট ইয়ুথ পদেও দায়িত্ব পান। সেই দায়িত্ব ছাড়ার পর ফুটবল থেকে দূরে রয়েছেন।

আরিফ খান জয়: ফুটবল ছাড়ার পর রাজনীতিতে যুক্ত হন সাবেক এই মিডফিল্ডার। ২০১৩ থেকে ২০১৮ সাল পর্যন্ত যুব ও ক্রীড়া উপমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন। ফুটবলের মাঠ থেকে সরে গেলেও রাজনীতিতে সক্রিয় ছিলেন। বর্তমানে কারাগারে রয়েছেন।

আরমান মিয়া: ২০০৩ সালের সাফে মাঝমাঠে অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন আরমান। বর্তমানে ঢাকার মোহাম্মদপুরে বসবাসের পাশাপাশি আবাসন ব্যবসার সঙ্গে যুক্ত রয়েছেন। সোনালী অতীত ক্লাবের হয়ে ফুটবল খেলতেও দেখা যায় তাকে।

মতিউর রহমান মুন্না: ২০০৩ সালের সাফের সেমিফাইনালে ভারতের বিপক্ষে তার গোলেই জয় পেয়েছিল বাংলাদেশ। সেই গোল্ডেন গোলই বাংলাদেশকে ফাইনালে তুলে দিয়েছিল। তবে সময়ের সঙ্গে ফুটবল ও ফুটবলসংশ্লিষ্ট কর্মকাণ্ড থেকে নিজেকে পুরোপুরি সরিয়ে নিয়েছেন তিনি। সম্প্রতি ঢাকা স্টেডিয়ামে আয়োজিত প্রীতি ম্যাচেও তাকে দেখা যায়নি। একসময় পারিবারিক আইনি জটিলতার মধ্যেও পড়েছিলেন এই ফুটবলার।

আলফাজ আহমেদ: বাংলাদেশের অন্যতম সেরা স্ট্রাইকারদের একজন আলফাজ ২০০৮ সালে জাতীয় দল থেকে অবসর নেন। এরপর আরও কয়েক বছর ঘরোয়া ফুটবলে খেলেছেন। পরে কোচিংয়ে যুক্ত হয়ে মোহামেডান স্পোর্টিং ক্লাবকে পেশাদার লিগের শিরোপা জিতিয়েছেন। বর্তমানে কোচিংয়ে নেই। হ্যান্ডবল ফেডারেশনের সহসভাপতির দায়িত্ব পালন করছেন।

রোকনুজ্জামান কাঞ্চন: ২০০৩ সালের সাফে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ তিনটি গোল করেছিলেন কাঞ্চন। মালদ্বীপের বিপক্ষে ফাইনালেও তার গোলেই এগিয়ে গিয়েছিল বাংলাদেশ। ২০১৮ সাল পর্যন্ত ঘরোয়া ফুটবলে খেলার পর কোচিংয়ে যুক্ত হন। বর্তমানে বিজেএমইএ বিশ্ববিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক হিসেবে কাজ করছেন।

 

 

/টিএ/এফআইআর/
সম্পর্কিত
ঢাকার মঞ্চে ভারত-পাকিস্তান, কার হাতে উঠবে সাফ ট্রফি?
পাকিস্তানকে হারাতে ভারতের ভিন্ন কৌশল
ভারতকে হারিয়ে ট্রফি জিততে চান, ম্যারাডোনার স্মৃতিও রোমন্থন করলেন সোলানো
সর্বশেষ খবর
ইউএনডিপি ও ইউএনএফপিএর সহযোগিতা চাইলেন জহির উদ্দিন স্বপন
ইউএনডিপি ও ইউএনএফপিএর সহযোগিতা চাইলেন জহির উদ্দিন স্বপন
গাজীপুর জেলা ও মহানগর যুবদলের কমিটি ঘোষণা, পদ পেলেন যারা
গাজীপুর জেলা ও মহানগর যুবদলের কমিটি ঘোষণা, পদ পেলেন যারা
খুনের জনপদে চাঁদাবাজির রাজত্ব, প্রবাসী-ব্যবসায়ী-শিক্ষক কেউই রেহাই পাচ্ছেন না
খুনের জনপদে চাঁদাবাজির রাজত্ব, প্রবাসী-ব্যবসায়ী-শিক্ষক কেউই রেহাই পাচ্ছেন না
খুলনা নগর ভবনে পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনায় মামলা, আটক চালক
খুলনা নগর ভবনে পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনায় মামলা, আটক চালক
সর্বাধিক পঠিত
গোপালগঞ্জের নতুন এসপি কে এই প্রত্যুষ কুমার, কেন এত আলোচনা
গোপালগঞ্জের নতুন এসপি কে এই প্রত্যুষ কুমার, কেন এত আলোচনা
অটোরিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করা সাবেক ছাত্রদল নেতাকে ডাকলেন প্রশাসক
অটোরিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করা সাবেক ছাত্রদল নেতাকে ডাকলেন প্রশাসক
বিএনপি ছাড়লেন টুঙ্গিপাড়ার বাবা-ছেলে, বললেন ‘এমন রাজনীতি চাই না’
বিএনপি ছাড়লেন টুঙ্গিপাড়ার বাবা-ছেলে, বললেন ‘এমন রাজনীতি চাই না’
সংকটে পড়া ২ ব্যাংককে ২৪ হাজার কোটি টাকার তারল্য সহায়তা
সংকটে পড়া ২ ব্যাংককে ২৪ হাজার কোটি টাকার তারল্য সহায়তা
কমলো জ্বালানি তেলের দাম
কমলো জ্বালানি তেলের দাম