লিওনেল মেসি ও ডিয়েগো ম্যারাডোনা আর্জেন্টিনার ফুটবল ইতিহাসের দুই মহাতারকা। তাদের সঙ্গে তুলনা করার আগে যে কারও দুবার ভাবার কথা। তবে ২২ বছর বয়সী নিকো পাজের প্রতিভা দেখে সেই তুলনাই টেনে আনলেন আর্জেন্টিনার সাবেক মিডফিল্ডার হুয়ান সেবাস্তিয়ান ভেরন। তার মতে, এই বয়সে পাজের মতো কিছু কাজ কেবল মেসি ও ম্যারাডোনাকেই করতে দেখেছেন তিনি।
ইতালির সংবাদমাধ্যম লা গাজেত্তা দেলো স্পোর্ত-কে দেওয়া সাক্ষাৎকারে কোমোর এই আর্জেন্টাইন প্লেমেকারের ভূয়সী প্রশংসা করেছেন এস্তুদিয়ান্তেস দে লা প্লাতার সভাপতি ভেরন। পাজের অসাধারণ টেকনিক, খেলার বুদ্ধিমত্তা ও পরিণতিবোধ মুগ্ধ করেছে সাবেক ম্যানচেস্টার ইউনাইটেড ও চেলসি মিডফিল্ডারকে।
ভেরন বলেছেন, ‘২২ বছর বয়সে এই নির্দিষ্ট কিছু কাজ কেবল মেসি ও এক ম্যারাডোনাকেই করতে দেখেছি।’
তবে পাজকে এখনই আর্জেন্টিনার দুই কিংবদন্তির পর্যায়ে বসাতে চাননি ভেরন। বরং পেশাদারত্ব ধরে রেখে একই ধারায় এগিয়ে যেতে পারলে তরুণ এই ফুটবলার বিশেষ কিছু হয়ে উঠবেন বলে বিশ্বাস তার। ভেরনের কথায়, ‘সে যদি এখনকার মতো পেশাদার আচরণ ধরে রাখতে পারে, তাহলে ভবিষ্যৎ তারই।’
মাঠে পাজের আত্মবিশ্বাস ও ব্যক্তিত্বও আলাদা করে নজর কেড়েছে ভেরনের। তার মতে, প্রতিপক্ষের কড়া নজরদারিতে থাকলেও সতীর্থরা নিয়মিত পাজের পায়ে বল তুলে দিতে চান। কারণ, চাপের মধ্যে থেকেও প্রতিপক্ষকে কাটিয়ে বেরিয়ে আসা কিংবা কঠিন পরিস্থিতিতে সমাধান খুঁজে নেওয়ার সামর্থ্য আছে তার।
খেলার গতিপ্রকৃতি বোঝার ক্ষমতাও পাজকে অন্যদের চেয়ে আলাদা করেছে বলে মনে করেন ভেরন। কখন আক্রমণের গতি বাড়াতে হবে, কখন খেলা ধীর করতে হবে, আবার কখন নিজেই দায়িত্ব নিয়ে ফাইনাল থার্ডে সিদ্ধান্ত নিতে হবে; এসব বিষয়ে তরুণ এই মিডফিল্ডারের স্বাভাবিক দক্ষতা রয়েছে। ভেরনের চোখে, পাজ একজন স্বাভাবিক নেতা।
নিজের খেলার ধরনের সঙ্গে পাজের তুলনা টেনে ভেরন বলেছেন, ‘আমি স্বীকার করছি, নিকো পাজ অনেকটা আমার মতো, তবে ২০ মিটার সামনে খেলে। সে স্বাধীনভাবে শট নিতে পারে, গোল করতে পারে, অ্যাসিস্ট করতে পারে কিংবা ডিফেন্সচেরা পাস দিতে পারে।’
আর্জেন্টিনার ৭-০ গোলের জয়ে কোস্টারিকার বিপক্ষে পাজের পারফরম্যান্সকেই তার সামর্থ্যের সবচেয়ে বড় প্রমাণ হিসেবে দেখছেন না ভেরন। বরং ইতালিয়ান সিরি ‘আ’-তে কঠিন প্রতিপক্ষের বিপক্ষে নিয়মিত পারফরম্যান্সের মধ্যেই তার প্রকৃত যোগ্যতার পরিচয় খুঁজে পেয়েছেন তিনি।
তবে আর্জেন্টিনার নতুন প্রজন্মের ফুটবলারদের নিয়ে অতিরিক্ত প্রত্যাশা তৈরি না করার পরামর্শও দিয়েছেন সাবেক এই মিডফিল্ডার। তার মতে, তরুণদের বেড়ে ওঠার জন্য সময় ও স্বাভাবিক পরিবেশ নিশ্চিত করা জরুরি। ম্যারাডোনা, এমনকি তার আগে ওমর সিভোরির সঙ্গে তুলনার চাপ সামলাতে গিয়ে আর্জেন্টিনার বেশ কয়েকজন প্লেমেকার যে সমস্যায় পড়েছেন, সেটিও মনে করিয়ে দিয়েছেন ভেরন। এক্ষেত্রে জাতীয় দলের কোচ লিওনেল স্ক্যালোনির ধৈর্য ধরার আহ্বানের সঙ্গেও একমত তিনি।
ভেরনের সতর্কবার্তা, ‘তাদের শান্ত থাকতে হবে, ধৈর্য ধরতে হবে এবং কিছুটা ভাগ্যেরও প্রয়োজন।’
আর্জেন্টিনার আরেক তরুণ প্রতিভা ফ্রাঙ্কো মাস্তানতুয়ানোকে নিয়েও কথা বলেছেন ভেরন। ফিওরেন্তিনার এই ফুটবলারের টেকনিক, গতি ও ড্রিবলিংয়ের প্রশংসা করলেও পাজের তুলনায় তাকে বিকাশের প্রাথমিক পর্যায়ে দেখছেন সাবেক এই তারকা।
ভেরন বলেছেন, ‘তার অসাধারণ কিছু গুণ আছে। সহজেই ড্রিবল করতে পারে, দ্রুতগতির এবং বল নিয়ে দ্রুত সিদ্ধান্ত নিতে পারে। তবে নিকো পাজের তুলনায় সে এখনো কিছুটা পিছিয়ে, আর সেটাই স্বাভাবিক। কারণ, তার জন্ম ২০০৭ সালে। পাজের চেয়ে তিন বছরের ছোট।’
মাস্তানতুয়ানোর প্রতিভার পূর্ণ বিকাশে নিয়মিত খেলার সুযোগকেও গুরুত্বপূর্ণ মনে করেন ভেরন। এ ক্ষেত্রে ইতালিয়ান ফুটবলে পাজের অভিজ্ঞতার উদাহরণ টেনে তিনি বুঝিয়েছেন, ধারাবাহিকভাবে মাঠে নামার সুযোগ পেলে তরুণদের উন্নতি অনেক দ্রুত হয়।
মেসির যুগ পেরিয়ে আর্জেন্টিনার জাতীয় দলের নেতৃত্ব ও সৃজনশীলতার ভার একসময় নতুনদের কাঁধে উঠবে। সেই ভবিষ্যতের কেন্দ্রে পাজ ও মাস্তানতুয়ানোকে দেখছেন ভেরন। তার বিশ্বাস, এই দুই তরুণকে ঘিরে বড় স্বপ্ন দেখতে পারে আর্জেন্টিনা। তবে তাদের বেড়ে ওঠার পথে যেন অযথা চাপ তৈরি না করা হয়।
ভেরনের কথায়, ‘আমরা ১০ নম্বরের দেশ। এই দুই তরুণ আমাদের বড় স্বপ্ন দেখাতে পারে। তবে তার জন্য তাদের শান্তিতে বেড়ে উঠতে দিতে হবে।’