৬ দল নিয়ে প্রথমবারের মতো মওলানা ভাসানী হকি স্টেডিয়ামের টার্ফে গড়াতে যাচ্ছে ফ্র্যাঞ্চাইজি লিগ। যার পোশাকি নাম হকি চ্যাম্পিয়ন্স ট্রফি। শুক্রবার (৩০ সেপ্টেম্বর) টুর্নামেন্টের লোগো উন্মোচনও হয়ে গেলো।
দেশের প্রথম হকি ফ্যাঞ্চাইজি টুর্নামেন্ট হওয়ায় একরকম উৎসবমুখর পরিবেশ ছিল এদিন। সব অঙ্গনের তারকা ও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। যোগ দেন জাতীয় দলের ক্রিকেটার মাহমুদউল্লাহ রিয়াদ, নুরুল হাসান সোহান, আর্চার রোমান সানা, অভিনেত্রী নাজিফা তুষি, জাতীয় হকি খেলোয়াড় রাসেল মাহমুদ জিমি। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ফিফা কাউন্সিল সদস্য মাফুজা আক্তার কিরণ, আমেরিকান টোব্যাকোর ম্যানেজিং ডিরেক্টর শেহজাদ মুনিম, গ্রিন ডেল্টা ইনস্যুরেন্স কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর ফারজানা চৌধুরী।
লিগে দল দিয়েছে সাকিব আল হাসানের মালিকানাধীন ই-কমার্স প্রতিষ্ঠান মোনার্ক মার্ট, ওয়ালটন, একমি, রূপায়ণ গ্রুপ, সাইফ পাওয়ারটেক ও মেট্রো এক্সপ্রেস।
আজ রাতেই নিউজিল্যান্ডের উদ্দেশে দেশ ছাড়বে বাংলাদেশ ক্রিকেট দল। তার আগে হকির উৎসবমুখর আয়োজনে উপস্থিত হয়ে ক্রিকেটার নুরুল হাসান সোহান বলেছেন, ‘হকি খেলা অনেক মজার হলেও কঠিন। বাংলাদেশে প্রথমবারের মতো ফ্রাঞ্চাইজি হকি লিগ হচ্ছে। এখানে অনেক উদীয়মান খেলোয়াড় উঠে আসবে। আমাদের বিপিএল আয়োজনের পরে ক্রিকেটে অনেক উন্নতি হয়েছে। আশা করি এই লিগের মাধ্যমে হকিরও অনেক উন্নতি হবে।’







