গ্রিন ডেল্টা ইন্স্যুরেন্স প্রিমিয়ার ডিভিশন হকি লিগে দুই গোলে এগিয়ে থেকেও জিততে পারেনি মোহামেডান স্পোর্টিং ক্লাব। জায়ান্ট ঊষা ক্রীড়া চক্রের সঙ্গে ৩-৩ গোলে ড্র করেছে সাদা কালো শিবির।
বৃহস্পতিবার মওলানা ভাসানী জাতীয় স্টেডিয়ামে দিনের দ্বিতীয় ও শেষ ম্যাচে মুখোমুখি হয় লিগের এ দুই জায়ান্ট। সাদা-কালোদের হয়ে মালয়েশিয়ার ফয়সাল বিন সারি, রাসেল মাহমুদ জিমি ও আমিরুল ইসলাম একটি করে গোল করেছেন। ঊষার পেনাল্টি স্পেশালিস্ট মাহবুব হোসেন ২টি এবং অপর গোলটি করেন ইশরাত ইকতিদার।
খেলার ১১ মিনিটে মালয়েশিয়ান ফয়সাল বিন সারির দারুণ এক ফিল্ড গোলে শুরুতে এগিয়ে যায় মোহামেডান ১-০। ৯ মিনিট পর রাসেল মাহমুদ জিমির ফিল্ড গোলে ব্যবধান দ্বিগুণ করে সাদা-কালো শিবির।
পিছিয়ে পড়ে গোল আদায়ে মরিয়া ঊষা একের পর এক আক্রমণ চালাতে থাকে। এ সময় কয়েকটি পেনাল্টি কর্নারও আদায় করে নেয়। কিন্তু মোহামেডানের রক্ষণ ভাগ এবং গোলকিপার নুরুজ্জামান নয়নের দৃঢ়তায় এ যাত্রায় রক্ষা পায় তারা। তবে ঊষাকে বেশিক্ষণ আটকে রাখতে পারেনি। ২৭ মিনিটে ভারতের ইশরাত ইকতিদারের গোলে ব্যবধান ২-১ এ নামিয়ে আনে পুরোনো ঢাকার ক্লাবটি।
খেলার ৩৫ মিনিটে সমতায় ফেরে ঊষা। মাহবুব হোসেন পেনাল্টি কর্নার থেকে গোল করে ব্যবধান ২-২ করেছেন। ৪৪ মিনিটে আবারো গোলের উৎসব জিমি-ইমনদের। পেনাল্টি কর্নার থেকে গোল করে মোহামেডানকে এগিয়ে নেন আমিরুল ৩-২। তবে অগ্রগামিতা ধরে রাখতে পারেনি। খেলার চতুর্থ ও শেষ কোয়ার্টারের ৫২ মিনিটে পেনাল্টি কর্নার থেকে গোল করে ঊষাকে সমতায় ফেরান মাহবুব। ম্যাচের বাকি সময় দু’দল বেশ কয়েকটি সুযোগ তৈরি করেও গোল আদায় করতে পারেনি।
এর আগে দিনের প্রথম ম্যাচে ভারতের আশুর হ্যাটট্রিকে সাধারণ বীমা ৮-৩ গোলে উড়িয়ে দিয়েছে ভিক্টোরিয়াকে।








