আইপিএলের দ্বিতীয় ম্যাচ খেলতে নেমে টাইগার পেসার মুস্তাফিজুর রহমান আবারও বুঝিয়ে দিলেন এবারের আসরের অন্যতম সেরা বোলার হতে যাচ্ছেন তিনি। যদিও কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে ম্যাচটি হেরেছে মুস্তাফিজের সানরাইজার্স হায়দরাবাদ।
নিজের তৃতীয় ওভার করতে এসে আন্দ্রে রাসেলের উইকেট নিয়েছেন মুস্তাফিজ। আউটটি ছিল দেখার মতো। ১৩.৪ ওভারে মুস্তাফিজের ইয়র্কার বল রক্ষণাত্মক ভঙ্গিতে ঠেকাতে চেয়েছিলেন রাসেল। কিন্তু পারেননি। ১৩৮ কিলোমিটার গতিতে ধেয়ে আসা বলটি অফ স্টাম্প থেকে ইনসুইং করে মিডল স্টাম্পে আঘাত হানে।
আরও পড়ুন: সাকিবের কলকাতার কাছে হারলো মুস্তাফিজের সানরাইজার্স
দেহের ভারসাম্য রক্ষা করতে না পারায় ভূপাতিত হন রাসেল। এদিন ৪ ওভার বল করে ২৯ রান দিয়েছেন মুস্তাফিজ। এর মধ্যে শেষ ওভারে ১৪ রান দেন তিনি। এর আগে ৩ ওভারে মাত্র ১৫ রান দেন মুস্তাফিজ। আইপিএল অভিষেকেও বাজিমাত করেছিলেন এই বিস্ময় বালক।
টস জিতে প্রথমে ব্যাটিং করে ৭ উইকেট হারিয়ে ১৪২ রান তোলে ডেভিড ওয়ার্নারের দল। জবাবে গম্ভীর এবং উত্থাপার মারমুখী ব্যাটিংয়ের দিনেও মুস্তাফিজ ছিলেন উজ্জ্বল। দলের অন্যান্য বোলারদের বাজে বোলিংয়ে এই ম্যাচেও হার নিয়ে মাঠ ছাড়তে হয় মুস্তাফিজের দলকে।
/এমআর/








