ট্রিট ফিবা এশিয়া ও দক্ষিণ এশিয়া অঞ্চলের অনূর্ধ্ব-১৮ (বালক) বাস্কেটবল চ্যাম্পিয়নশিপের প্রথম দিনেই শিরোপার দ্বারপ্রান্তে ফেভারিট ভারত। আজ দুটি খেলায় তারা বাংলাদেশ ও শ্রীলঙ্কাকে পরাজিত করে।
দিনের প্রথম খেলায় ভারত ৯০-৩১ পয়েন্টের ব্যবধানে বাংলাদেশকে হারিয়েছে। প্রথমার্ধে তারা ৫৭-১৩ পয়েন্টে এগিয়ে ছিল । ভারতের বিশাল কুমার ১৫ ও বালাধনেশ্বর ১২ পয়েন্ট এবং বাংলাদেশের মোহাম্মদ আলী ৯ ও সজীব ৬ পয়েন্ট স্কোর করেন।
শ্রীলঙ্কা বনাম নেপাল এর মধ্যে অনুষ্ঠিত দিনের দ্বিতীয় খেলায় নেপাল ৬৫-৬৪ পয়েন্টে শ্রীলংকাকে পরাজিত করে। প্রথমার্ধে নেপাল ৩০-২৫ পয়েন্টে এগিয়েছিল। নেপালের আশিষ ২৪ ও নিশ্চল ১৩ এবং শ্রীলঙ্কার তাহের, রশন, ব্রেন্ট ও শিবাঙ্গা প্রত্যেকে ১৪ পয়েন্ট করে স্কোর করেন।
ভারত বনাম শ্রীলঙ্কার মধ্যে অনুষ্ঠিত দিনের তৃতীয় খেলায়, ভারতের সামনে দাঁড়াতেই পারেনি লঙ্কানরা। ভারত ১২৭-৫২ পয়েন্টের বিশাল ব্যবধানে ম্যাচটি জিতে নেয়। প্রথমার্ধে ভারত ৭৩-২১ পয়েন্টে এগিয়েছিল। দলটির গিনিব ২১ ও বালাধনেশ্বর ১৮ পয়েন্ট এবং শ্রীলঙ্কার ব্রেন্ট ১৫ ও শিবাঙ্গা ৭ পয়েন্ট করে স্কোর করেন।
প্রতিযোগিতার উদ্বোধন করেন জাতীয় ক্রীড়া পরিষদ এর সচিব অশোক কুমার বিশ্বাস।। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন প্রাণ কনফেকশনারি লিমিটেডের হেড অফ মার্কেটিং অ্যান্ড সেলস একেএম মঈনুল ইসলাম মঈন ও এটিএম তারেক।
/আরএম/এমআর/







