ঢাকা রিপোর্টার্স ইউনিটি আয়োজিত প্রাণ ক্র্যাকো-ডিআরইউ হ্যান্ডবল টুর্নামেন্ট আগামী ২৪ জুলাই বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম সংলগ্ন শহীদ ক্যাপ্টেন (অব.) এম মনসুর আলী হ্যান্ডবল মাঠে শুরু হবে।
প্রতিযোগিতায় ২৪টি জাতীয় দৈনিক, সংবাদ সংস্থা, অনলাইন মিডিয়া এবং বেসরকারি টেলিভিশন অংশগ্রহণ করবে।
প্রতিযোগিতা উপলক্ষে আজ বুধবার ডিআরইউর সাগর-রুনী মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে প্রতিযোগিতার ট্রফি উন্মোচন করা হয়। টুর্নামেন্টের চ্যাম্পিয়ন দল ট্রফি ছাড়াও নগদ পঁচিশ হাজার টাকা এবং রানার্স আপ দল ট্রফি ছাড়াও নগদ পনের হাজার টাকা অর্থ পুরস্কার পাবে। ম্যান অব দ্য টুর্নামেন্ট এবং প্রতিম্যাচের সেরা খেলোয়াড়কে স্পন্সর প্রতিষ্ঠানের পক্ষ থেকে পুরস্কৃত করা হবে।
এ লক্ষ্যে প্রতিযোগিতার বিভিন্ন তথ্য উপস্থাপন করেন ক্রীড়া সম্পাদক মো. মজিবুর রহমান। ডিআরইউ সভাপতি জামাল উদ্দীনের সভাপতিত্বে সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক রাজু আহমেদ, অর্থ সম্পাদক কামরুজ্জামান কাজল ও কার্যনির্বাহী সদস্য শেখ মাহমুদ এ রিয়াত। আরও উপস্থিত ছিলেন হ্যান্ডবল ফেডারেশনের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান কোহিনুর, পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান প্রাণ ফুডস লিমিটেড-এর হেড অব মার্কেটিং মো. আলী হাসান আলম ও অ্যাসিসটেন্ট ব্র্যান্ড ম্যানেজার মো. রায়হান আহমেদ।
/আরএম/এফআইআর/







