ঠাকুরগাঁওয়ে সেক্টর আন্তঃব্যাটালিয়ন ভারোত্তোলন প্রতিযোগিতায় সাতটি স্বর্ণ একটি রোপ্য পেয়ে চ্যাম্পিয়ন হয়েছে নীলফামারী ৫৬ বর্ডার গার্ড ব্যাটালিয়ন। একটি স্বর্ণ, ছয়টি রৌপ্য এবং একটি ব্রোঞ্জ পেয়ে রানার্স আপ পঞ্চগড় ১৮ বর্ডার গার্ড ব্যাটালিয়ন।
বৃহস্পতিবার বিকালে ৫৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জিএম সারওয়ার ইঞ্জিনিয়ার্সের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সেক্টর কমান্ডার কর্নেল দেওয়ান লিয়াকত আলী। এ সময় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন তিনি।
প্রতিযোগিতায় সেরা প্রবীণ খেলোয়াড় হিসেবে নির্বাচিত হয়েছেন ৫৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের ল্যান্স নায়েক শাখাওয়াত হোসেন ও সেরা নবীন খেলোয়াড় হিসেবে নির্বাচিত হয়েছেন একই ব্যাটালিয়নের সিপাহী শেখ তোফায়েল আহম্মেদ।
এ সময় আরও উপস্থিত ছিলেন, ৩০ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল তুষার বিন ইউনুস, ১৮ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আল হাকিম মুহাম্মদ নওশাদ প্রমুখ। উল্লেখ্য,গত ১৯ জুলাই ঠাকুরগাঁয়ে তিন দিনব্যাপী এ খেলা শুরু হয়।
/বিটি/এমআর/







