গত ১ জুলাই গ্রিন ডেল্টা ইনস্যুরেন্স প্রিমিয়ার ডিভিশন হকিতে ঢাকা মেরিনার্স ও ঊষা ক্রীড়া চক্রের মধ্যকার ম্যাচে জাতীয় হকি স্টেডিয়ামে ভাংচুরের ঘটনায় শিরোপা জয়ী মেরিনার্সকে পাঁচ লাখ টাকা জরিমানা করেছে বাংলাদেশ হকি ফেডারেশন।
লিগের শিরোপা নির্ধারণী ওই ম্যাচটি অনুষ্ঠিত হয়েছিল মওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামে। এই লক্ষ্যে আজ সোমবার বাংলাদেশ বিমান বাহিনীর ফ্যালকন হলে অনুষ্ঠিত ফেডারেশনের নির্বাহী কমিটির এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। জরিমানার এই টাকা আগামী এক মাসের মধ্যেই পরিশোধ করতে বলা হয়েছে।
গ্রিনডেল্টা ইনস্যুরেন্স প্রিমিয়ার ডিভিশন হকির ওই শেষ খেলায় মেরিনার্স সমর্থকরা একটি ফাউলকে কেন্দ্র করে মওলানা ভাসানী হকি স্টেডিয়ামের ভিভিআইপি গ্যালারিতে ভাংচুরের ঘটনা ঘটায়। তারা গ্যালারির বেশকিছু চেয়ারও ভাংচুর করে। মূলত ১৭ মিনিটে ২-০ গোলে পিছিয়ে পড়ার পরই ভাংচুর চালায় দলটির উগ্র সমর্থকরা।
হকি ফেডারেশনের নির্বাহী কমিটির এ সভায় ঢাকা মেরিনার্সের সাধারণ সম্পাদক হাসানউল্লাহ খান রানাকে মওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামে এক মৌসুমের জন্য নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়।
এছাড়া এটিএন বাংলার চেয়ারম্যান ড. মাহফুজুর রহমানকে ফেডারেশনের সিনিয়ির সহ-সভাপতি ও শফিউল্লাহ আল মুনীরকে সভাপতি হিসেবে নির্বাহী কমিটিতে স্থান দেওয়া হয়। নির্বাহী কমিটিতে সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয় মোহামেডানের ম্যানেজার আরিফুল হক প্রিন্স ও বাংলাদেশ স্পোর্টিংয়ের মো. হুমায়ুনকে।
/আরএম/এফআইআর/







