জার্মানির বার্লিনে গত ১৭ থেকে ২৫শে জুন স্পেশাল অলিম্পিকস ওয়ার্ল্ড গেমসে নুরুল আলমের নেতৃত্বে ১১৩ সদস্যের বাংলাদেশ দল অংশগ্রহণ করে। দলে ৭৯ জন খেলোয়াড়, ৩০ জন কোচ ও সহকারী কোচ ২ জন ডাক্তার এবং ২ জন সহকারী দলনেতা রয়েছেন।
বাংলাদেশের স্পেশাল অ্যাথলেটরা অভূতপূর্ব ক্রীড়া নৈপুণ্য দেখিয়ে ৮টি ক্রীড়ায় ২৪টি স্বর্ণ, ৪টি রৌপ্য ও ৫টি ব্রোঞ্জ পদক জয় করে দেশের জন্য গৌরব বয়ে এনেছেন। মহিলা ফুটবল, মহিলা হ্যান্ডবল ও ইউনিফায়েড ভলিবলে বাংলাদেশ দল চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে।
অ্যাথলেটিকসে ৬টি স্বর্ণ, ৩টি রৌপ্য, ব্যাডমিন্টনে ৫টি স্বর্ণ, বোচিতে ৬টি স্বর্ণ, সাঁতারে ৪টি স্বর্ণ, ৩টি ব্রোঞ্জ, মহিলা বাস্কেটবলে ও পুরুষ হ্যান্ডবলে ব্রোঞ্জ পদক জয় করে স্পেশাল অলিম্পিকস বাংলাদেশের ক্রীড়া দল বিশ্ব ক্রীড়াঙ্গনে চমক সৃষ্টি করেছে। বাংলাদেশের এই দলে ৭৯ জন খেলোয়াড়ের মধ্যে মহিলা খেলোয়াড় ৪৬ জন এবং পুরুষ খেলোয়াড় ৩৩ জন।
বিশ্ব ক্রীড়াঙ্গনে চমক সৃষ্টিকারী স্পেশাল অলিম্পিকস বাংলাদেশ দল আগামী ২৮ জুন বুধবার সকালে কাতার এয়ারওয়েজের বিমানে ঢাকায় এসে পৌঁছাবে। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিজয়ী দলকে ফুলেল সংবর্ধনা দেওয়া হবে।








