আজারবাইজানের বাকু শহরে ফিদে বিশ্বকাপ দাবা ও ফিদে মহিলা বিশ্বকাপ দাবায় প্রথম রাউন্ডে বাংলাদেশের সবাই হেরেছিলেন। সোমবার দ্বিতীয় খেলাতেও তিনজনের কেউ জিততে পারেননি। তবে চমক দেখিয়েছেন নোশিন আঞ্জুম।
বাংলাদেশের গ্র্যান্ডমাস্টার এনামুল হোসেন রাজীব (রেটিং-২৩৮৬) জার্মানির ২৬১৮ রেটিং প্রাপ্ত গ্র্যান্ডমাস্টার কোলারস ডমিট্রিজের সঙ্গে খেলছেন। ৫৩ চাল পর্যন্ত তিনি ড্র-য়ের অবস্থানে রয়েছেন। তবে টিকে থাকতে হলে তাকে জয়ী হতে হবে।
আন্তর্জাতিক মাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান (রেটিং-২৪২৮) ইতালির ২৬০৯ রেটিং প্রাপ্ত গ্র্যান্ডমাস্টার ভোকাতুরো দেনাইলর কাছে প্রথম রাউন্ডের দু’টি খেলাতেই হেরে বাদ পড়েছেন। তবে ফিদে মহিলা বিশ্বকাপ দাবায় মহিলা ফিদে মাস্টার নোশিন আঞ্জুম (রেটিং-১৯৪৪) পোল্যান্ডের ২৪০১ রেটিং প্রাপ্ত গ্র্যান্ডমাস্টার সককো মনিকার সঙ্গে প্রথম রাউন্ডের দ্বিতীয় খেলায় ড্র করলেও ০.৫-১.৫ গেম পয়েন্টের ব্যবধানে বাদ পড়েছেন।
আজ প্রথম রাউন্ডের দ্বিতীয় খেলায় মহিলা ফিদে মাস্টার নোশিন আঞ্জুম সাদা ঘুঁটি নিয়ে গ্র্যান্ড মাস্টার সককো মনিকার পেট্রোফ ডিফেন্স পদ্ধতির বিপক্ষে খেলে ৪৩ চালে ড্র করেন।
প্রথম রাউন্ডের দ্বিতীয় খেলাতেও মহিলা ক্যান্ডিডেট মাস্টার জান্নাতুল ফেরদৌস (রেটিং-১৮১৫) ২৪১৬ রেটিং প্রাপ্ত রোমানিয়ার আন্তর্জাতিক মাস্টার ও মহিলা গ্র্যান্ডমাস্টার বুলমাগো ইরিনার কাছে হার মানেন।








